[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সামার অ্যাথলেটিক্সের আগে ফের জান্নাতকে নিয়ে লিঙ্গ বিতর্কে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

তিন বছর আগে হঠাৎ করেই সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগমকে নিয়ে দেশের অ্যাথলেটিক্সে লিঙ্গ বিতর্ক শুরু হয়। নৌবাহিনীর অভিযোগের ভিত্তিতে তিন বছর পর ফের আলোচনা এই অ্যাথলেটকে নিয়ে। এ জন্য লিঙ্গ পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে জান্নাতকে।

তবে শুক্রবার থেকে শুরু হওয়া জাতীয় সামার অ্যাথলেটিক্সে অন প্রটেস্টে খেলতে পারবেন তিনি, জানালেন ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম। তার কথা, ‘জান্নাতের লিঙ্গ বিতর্ক নিয়ে প্রতিবাদ করে আমাদের কাছে চিটি দিয়েছিল নৌবাহিনী। মঙ্গলবার এ নিয়ে আমরা বিভিন্ন বাহিনীর কোচদের সঙ্গে বসেছিলাম। তাই আমরা জান্নাতকে পিজি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য বলেছি। যদি পরীক্ষার ফল তার পক্ষে যায়, তাহলে ভাল। নইলে ব্যর্থ হলে তার পদক আমরা কেড়ে নেব। এর আগ পর্যন্ত সে সামার অ্যাথলেটিক্সে খেলতে পারবে।’ প্রায় পাঁচশ অ্যাথলেট ও কোচদের অংশগ্রহনে আজ শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধণ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বিতর্কের শুরু ২০২২ সালের সামার অ্যাথলেটিক্সে। বর্শা নিক্ষেপে ১৯৯৭ সালে আখেরুন নেসার গড়া ৪৫.১৪ মিটারের রেকর্ড ৪৬.০৬ মিটারে ভেঙ্গে দেন জান্নাত। ২৫ বছর আগের রেকর্ড ভাঙ্গার পর প্রতিবাদলিপি নিয়ে হাজির হন আখেরুন নেসা এসেছেন একটি প্রতিবাদলিপি নিয়ে। তখন তিনি বলেছিলেন, কেউ একজন বর্শা হাতে নিয়ে খেলল, আর রেকর্ড ভেঙ্গে দিল? এটা সম্ভবন নয়। জান্নাতের লিঙ্গ পরীক্ষা করানো উচিত।’


দীর্ঘাঙ্গী জান্নাত এসেছেন কিশোরগঞ্জ থেকে। সাবেক কৃতী সাইক্লিস্ট ফারহানা সুলতানা তাঁকে ক্রীড়াঙ্গনে এনেছেন বলে জানান। শুরুতে কাবাডি খেলেছেন বিজেএমসির হয়ে। সংস্থাটির আন্ত খেলাধুলায় অ্যাথলেটিকসও করেছেন। বিজেএমসি খেলা থেকে সরে যাওয়ার পর তিনি ২০১৯ সালে নাম লেখান নৌবাহিনীতে। কিন্তু নৌবাহিনীর হয়ে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি তাঁর।

তবে গত মার্চে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্সেও খেলেছেন জান্নাত। জ্যাভলিন থ্রোয়ে ৪১.৮৬ মিটার দূরত্বে স্বর্ণ এবং শটপুটে ১১.৬৮ মিটার দূরত্বে রুপা জেতেন তিনি। এ বিষয়ে শাহ আলমের কথা, ‘মার্চে খেললেও কেউ কোন কথা বলেনি। এখন অভিযোগ এসেছে। তাই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি।’

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুই গ্রুপে ৪০ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মেয়েদের ১৮টি ইভেন্ট রয়েছে। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিংয়ের জন্য ইলেক্ট্রোনিক্স ফটোফিনিশিং মেশিনের ব্যবস্থা থাকছে।

প্রতিযোগিতার ম্যারাথন ইভেন্ট আগামীকাল শুক্রবার ভোর ৪.৩০ মিনিটে পূর্বাচলের ৩০০ ফিট রোডে অনুষ্ঠিত হবে। তাছাড়া জ্যাভলিন থ্রো ছাড়া টুর্নামেন্টের বাকি সব থ্রো ইভেন্ট আর্মি স্টেডিয়ামে হবে। কারণ সামনেই এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ও ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে থ্রো ইভেন্ট জাতীয় স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এবারের প্রতিযোগিতায় আকর্ষনীয় দিক হলো অ্যাথলেটিক্সের জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক ৪৬ জনকে প্রধান অতিথির মাধ্যমে সম্মাননা স্মারক দেওয়া হবে।

প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদের যথাক্রমে ৫, ৩ ও ২ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া রেকর্ডধারীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক অ্যাথলেট শাহ জালাল মবিনের মাধ্যমে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদের ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এই আসরটি দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধারের মিশন লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের। গত জাতীয় অ্যাথলেটিক্সে তিনি ইনজুরিতে ছিলেন। যারফলে নৌবাহিনীর মো. ইসমাইল জিতেছিলেন দ্রুততম মানবের খেতাব। আগে সেনাবাহিনীর হয়ে খেললেও এবার নৌবাহিনীর হয়ে খেলবেন ইমরানুর রহমান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর