[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

গলফার সিদ্দিকুরের স্লোভেনিয়ান দীক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬ ২৩:০৪ পিএম

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরে দুবার শিরোপা জিতেছেন। তবে ক্যারিয়ারে বর্তমানে কিছুটা নিম্নগতি রয়েছে। তবু ক্যারিয়ার গড়া কিংবা নতুন কিছু শেখার কোনও শেষ নেই—এ কথা আবারও মনে করিয়ে দিলেন তিনি।

 

দেশীয় কোচদের মানোন্নয়নের লক্ষ্যে এই কোর্সের আয়োজন করা হয়। বিশ্বখ্যাত স্লোভেনিয়ান গলফ কোচ ইউরোস গ্রেগরিচ এই প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানসহ অন্যরাও অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান নিজের বক্তব্যে বলেছেন, ‘গলফে বেসিক টেকনিক্যাল বিষয়গুলো জানা খুবই জরুরি। শেষ চার দিনে স্লোভেনিয়ার কোচের কাছ থেকে অনেক নতুন কিছু শিখেছি। আমাদের গলফার ও স্থানীয় কোচরা যদি নিয়মিত এমন শেখার সুযোগ পায়, তাহলে দেশের গলফে সামনে দারুণ সময় আসবে।’

দেশীয় কোচদের আরও দক্ষ করে তোলা এবং নতুন গলফার তৈরিতে যাতে কোনো ঘাটতি না থাকে, সে লক্ষ্যেই বাংলাদেশ গলফ ফেডারেশন প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে। এই আয়োজনের ট্রেইনার হিসেবে অংশ নিতে পেরে সন্তুষ্ট ইউরোস গ্রেগরিচ। তিনি বলেছেন, ‘বাংলাদেশে গলফের অনেক সম্ভাবনা রয়েছে। এখানকার কোচদের মধ্যে দারুণ প্রতিভা আছে। আমি অনেক দেশেই এমন প্রশিক্ষণ দিয়েছি—এটি খুবই প্রয়োজনীয়। এতে কোচদের দক্ষতা বাড়বে। বাংলাদেশে এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

বাংলাদেশ সম্পর্কে তার মন্তব্য, ‘বাংলাদেশ একটি দারুণ দেশ। যতদূর জানি, এখানে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। তবে গলফেও ভালো করার সম্ভাবনা রয়েছে। কোচদের মধ্যে আমি অনেক আগ্রহ দেখেছি, যা খুবই ইতিবাচক।’

এই কোর্সে সিদ্দিকুর রহমানের সঙ্গে তার স্ত্রী সামাউন আনজুম অরণীও অংশ নেন। অরণী বলেছেন, ‘এখানে আমি অনেক নতুন কিছু শিখেছি। আমি চাই এ ধরনের ট্রেনিং নিয়মিত আয়োজন করা হোক।’

বিজিএফের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাকের কথা, ‘অলিম্পিকের মতো বড় আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো ওয়াইল্ড কার্ড ছাড়া অংশ নিয়েছেন সিদ্দিকুর রহমান। এতে আমাদের সম্ভাবনা কতটা, তা স্পষ্ট। তবে এই মেধাকে কাজে লাগাতে হবে। সবার আগে কোচদের উন্নত প্রশিক্ষণ জরুরি। নতুন গলফার তৈরিতে যাতে কোনো ঘাটতি না থাকে, সে কারণেই এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এটি আমাদের গলফের জন্য একটি কার্যকর পদক্ষেপ।’

বাংলাদেশ গলফ ফেডারেশনের কর্মকর্তা জেনারেল সাঈদ সিদ্দিকী বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকেই গলফের উন্নয়নে আমরা নানা উদ্যোগ নিয়েছি। দেশের গলফের উন্নতির জন্য কোচদের মানোন্নয়ন সবচেয়ে জরুরি, কারণ তারাই খেলোয়াড় তৈরি করেন। আমার বিশ্বাস, এই প্রশিক্ষণ স্থানীয় কোচদের আরও দক্ষ করে তুলবে।’

বাংলাদেশ জাতীয় গলফ দলের কোচ নাদিম হোসেন মনে করেন এটি নতুন গলফার তৈরিতে ভূমিকা রাখবে, ‘আগে যারা সামর্থ্যবান ছিলেন, তারা বিদেশে গিয়ে উন্নত প্রশিক্ষণ নিতেন। এখন আমরা দেশের মাটিতেই সেই মানের প্রশিক্ষণ পাচ্ছি। এটি নতুন গলফার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর