ওয়ার্ল্ড জিমন্যাস্টিকসে নিষিদ্ধ ইসরায়েল, জাকার্তার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা
১৯ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুর হচ্ছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। তবে তাঁর আগে বড় এক সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশটি। শুক্রবার ইন্দোনেশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসরায়েলি জিমন্যাস্টদের ভিসা দেওয়া হবে না।
ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন। বিবৃতিতে ইসরায়েলি ফেডারেশন জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু ক্রীড়া বিশ্বে পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণই নয়, এটি আন্তর্জাতিক ক্রীড়ার মৌলিক নীতির পরিপন্থী। আমরা আইনগত সব পথেই এর বিরুদ্ধে লড়াই করব।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এরই মধ্যে জরুরি আপিল করেছে ইসরায়েল। ইন্দোনেশিয়ার তরফে জানানো হয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন এবং জাকার্তা সিটি গভর্নমেন্টের আপত্তির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ইসরায়েলের অলিম্পিক স্বর্ণপদকজয়ী আরতেম ডলগোপিয়াটসহ দেশটির অনেক জিমন্যাস্ট এবার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না।
মূলত গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে ইসরায়েলি জিমন্যাস্টদের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে তারা। এই সময়ে দুই ধাপে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় ধরে সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার।
গাজায় ইসরায়েলি নৃশংসতা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে ইন্দোনেশিয়ায়। দেশটির এই পদক্ষেপকে অনেকেই ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। অলিম্পিক গেমসের বাইরে সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এই জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ৮৬টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: