[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ছয় দেশের আন্তর্জাতিক কারাতে ঢাকায় আগামীকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

দক্ষিণ এশিয় (এসএ) গেমসের গেল আসরে তিনটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। তারই স্বীকৃতি স্বরুপ দক্ষিণ এশিয় কারাতের মতো বড় আন্তর্জাতিক আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। যদিও আয়োজক হিসাবে রীতিমতো বিডিং করতে হয়েছে লাল সবুজের করাতে কর্তাদের।

আগামীকাল থেকে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দশম ক্যাডেট, অনূর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা। একই সঙ্গে দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। এ সময় সভাপতি শাহজাদা আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ছয় দেশের প্রায় নয়শ’ কারাতেকা, রেফারি, কোচ, অফিসিয়াল ও কর্মকর্তাদের পদভারে মুখরিত হবে ব্যস্ত এই শহর। আজ ও আগামীকাল ১৫০ জন রেফারি ও ৩০ জন কোচদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও পরীক্ষা অনুষ্ঠিত হবে বেইলি রোডের পার্বত্য কমপ্লেক্স অডিটোরিয়ামে। এরপর ১৮ ও ১৯ জুলাই মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ছয় দেশের এই প্রতিযোগিতা। মালদ্বীপ ছাড়া দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ পদকের জন্য লড়বে। ক্যাডেট ও সিনিয়র বিভাগে ১৯২ এবং জুনিয়র বিভাগে ৩৮৪টি পদকের লড়াই হবে।

এই পদকের মধ্যে বাংলাদেশ জিতবে কতটি? এমন প্রশ্নের উত্তরে সেন্টু বলেন, ‘শ্রীলংকায় অনুষ্ঠিত গত আসরে আমরা অনূর্ধ্ব-২০ বিভাগে দুটি স্বর্ণ এবং সিনিয়র বিভাগে চারটি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতেছিলাম। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়। সেরা কারাতেকারাই অংশ নেন। তাই আমাদের খুব বেশি পদক জেতার সুযোগ থাকে না। তবে এবার যেহেতু নিজেদের দেশে এমন আসর, তাই আমাদের ছেলে মেয়েরা আরও বেশি পদক জেতার জন্য লড়বে।’ এত বড় আয়োজন নিয়ে সাধারন সম্পাদক আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ার ছয় দেশ খেলায় অংশ নিলেও আন্তর্জাতিক কারাতে ফেডারেশনের কোচিং কোর্স এবং রেফারি কোর্স হওয়ায় এশিয়ার আরও অনেক দেশের রেফারিরাও আসবেন প্রশিক্ষণ নিতে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর