ক্ষমা চেয়ে আবেদন করেছেন নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়া আক্তার
ক্ষমা চেয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে আবেদন করেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। গত ১৯ এপ্রিল বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানার সঙ্গে দেখা করে এই আবেদন করেন বলে জানান তিনি।
মাবিয়ার কথা, ‘আমার অজান্তেই ব্যথা নিরাময় ওষুধ খেয়ে ডোপ টেস্টে পজিটিভ হয়েছি। শাস্তির খড়গও পড়েছে। তাই না জেনে ওষুধ খেয়ে এমন অবস্থায় পড়েছি বলেই আমি মার্সি (ক্ষমা) আবেদন করেছি। এখন অপেক্ষায় আছি কবে ক্ষমা পেয়ে শাস্তি প্রত্যাহার হবে।’
তিনি যোগ করেন, ‘সামনেই কিছু আন্তর্জাতিক আসর রয়েছে, ক্ষমা পেলে আমি খেলতে পারব।’ ডোপ টেস্টে পজিটিভ হয়ে পারিবারিকভাবে অনেক হেনস্থার শিকার হয়েছেন বলেও জানান মাবিয়া, ‘নিজের অজান্তে হলেও এমন ঘটনার পর আমি পারিবারিকভাবে বেশ মানসিক অশান্তির মধ্যে রয়েছি। আশাকরি সব ঠিক হয়ে যাবে।’ বিওএ সূত্রে জানা গেছে, মাবিয়ার নিষেধাজ্ঞা তুলে নিতে বিওএ, ভারোত্তোলন ফেডারেশন ও দেশের এন্টি ডোপিং কমিটি একযোগে কাজ করছে। মাবিয়ার আবেদন আন্তর্জাতিক মাদক বিরোধী সংস্থার (ওয়াডা) কাছেও পাঠানো হচ্ছে বলে বিওএ সূত্রে জানা গেছে।
সম্প্রতি ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। গত ৯ এপ্রিল দুই বছরের জন্য তাকে ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করা হয়। গত বছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমস শেষে মাবিয়া ডোপিং টেস্টে পজিটিভ হন। গেমস শুরুর আগে নেওয়া তার নমুনায় নিষিদ্ধ ডাইইউরেটিক্স পাওয়া যায়। এর ভিত্তিতে সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের রেজাল্ট ম্যানেজমেন্ট কমিটি ওয়াদা কোড অনুযায়ী তাকে নিষিদ্ধ করা হয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: