[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রাগে-ক্ষোভে আন্তর্জাতিক আসর ছাড়লেন হাইজাম্পার মাহফুজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তার নাম দেওয়া হয়নি। এমনকি তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ এনে দিলেও পাঠানো হচ্ছে না রিয়াদে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসে। তাই রাগে-ক্ষোভে আন্তর্জাতিক আসরকে বিদায় বলে দিলেন দেশের এক নম্বর হাইজাম্পার মাহফুজুর রহমান।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘আন্তর্জাতিক সকল ধরনের প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। একজন খেলোয়াড়ের মন মানসিকতা ও মুরালিটি ডাউন করার জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কিছু সংখ্যক মানুষই যথেষ্ট।’

জাতীয় আসরে হাইজাম্পার মাহফুজ ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন। ১৪টি আসরেই স্বর্নজয় অব্যাহত রয়েছে। এছাড়া গত বছর তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২.১৫ মিটার উচ্চতায় জাম্প করে ব্রোঞ্জপদক জিতে এনেছেন। সংবর্ধনাও পেয়েছিলেন ফেডারেশন থেকে। এছাড়া ২০১৯ সালে নেপাল এসএ গেমসে অ্যাথলেটিক্সে একমাত্র রুপা আসে তার হাত ধরেই। অল্পের জন্য হাতছাড়া হয় স্বর্ণপদক। অথচ ২৪-২৬ অক্টোবর ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসেই পাঠানো হয়নি তার নাম।

মাহফুজুর রহমানের কথায়, ‘আমি নেপালে সাউথ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের মধ্যে ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে একমাত্র রুপাটি জিতেছি। তাহলে কেন সাউথ এশিয়ান অ্যাথলেটিক্সে আমার নাম দেওয়া হল না। তাছাড়া এশিয়ান ইনডোরেও পদক জিতেছি। অনেক মুসলিম দেশের বিপক্ষেও পদক জেতার রেকর্ড রয়েছে কেবল আমার। অথচ ইসলামিক সলিডারিটি গেমসেও আমার নাম দেওয়া হয়নি। ওমান ইসলামিক সলিডারিট গেমসে হাইজাম্পে যে স্বর্ণ জিতেছে যে ২.১৪তাই আন্তর্জাতিক আসরে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ তাহলে এখন কি করবেন? এমন প্রশ্নের উত্তরে মাহফুজ বলেন, ‘জাতীয় আসর খেলব। আর আন্ত:সার্ভিসেস অ্যাথলেটিক্স খেলব।’

ক্ষোভ ঝেড়ে এই হাইজাম্পার আরও বলেন, ‘আমরা যখন বিদেশে যাই, তখন স্পাইক, কেডস সব দেয় আমার নৌবাহিনী। ফেডারেশন থেকে কিছুই দেয় না। এশিয়ান ইনডোরে যে জার্সি দিয়েছিল ফেডারেশন তা অন্য কোন দেশের অ্যাথলেটরাই পড়ে না। এত কষ্ট করেও যখন জাতীয় দলে ডাকে না, তাহলে আন্তর্জাতিক আসর থেকে অবসর নেওয়াই শ্রেয়।’ শেষে নিজের ফিরে আসার পথও বাতলে দিলেন মাহফুজ, ‘ফেডারেশন যদি আমাকে এসব আসরে যেতে দেয়, তাহলে পারফর্ম থাকলে দেশের জন্য খেলার চেষ্টা করব আবার। নইলে নয়।’

এ বিষয়ে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক শাহ আলমের কথা, ‘আমরা পারফরম্যান্স দেখেই যে কোন গেমসের জন্য অ্যাথলেট নির্বাচন করি। তিন মাস আগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মাহফুজকে পাঠানো হলেও সে খুবই বাজে ফল করেছে। তাছাড়, সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে মাত্র দুই মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণ জিতেছে। যেখানে আগে সে ২.১৬ মিটার লাফিয়েছে। যদিও তার নাম এই দুই গেমসে রাখা হয়নি। তবুও তাকে আমরা ক্যাম্পে রেখেছি। সামনে পাকিস্তানের এসএ গেমস রয়েছে। ক্যাম্পে ভাল করলে হয়তো সেখানে সে জায়গা পাবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর