[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৫ই শ্রাবণ ১৪৩৩

ফাইনালে মাঠে নামার আগেই নতুন ইতিহাস গড়লেন মেসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০১:০৭ এএম

বিশ্বকাপের ফাইনালে বল গড়ানোর আগেই ইতিহাসের পাতায় আরেকটি অনন্য কীর্তি যোগ করলেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা করে নিয়ে তিনি প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরু থেকেই মাঠে নামার বিরল রেকর্ড গড়েছেন।

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক এর আগে ২০১৪ সালে জার্মানির বিপক্ষে এবং ২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে ছিলেন। এবার স্পেনের বিপক্ষেও প্রথম একাদশে থাকায় তাঁর নামের পাশে যুক্ত হলো আরেকটি ঐতিহাসিক অর্জন।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আর্জেন্টিনা। তবে আট বছর পর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। ৩-৩ গোলে শেষ হওয়া সেই ম্যাচে তিনি জোড়া গোল করেন এবং টাইব্রেকারেও সফল হন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। ফাইনালের আগে টুর্নামেন্টে তাঁর ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। গোল্ডেন বুটের পাশাপাশি তৃতীয়বারের মতো গোল্ডেন বল জয়ের দৌড়েও তিনি অন্যতম দাবিদার।

এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার কৃতিত্ব ছিল ব্রাজিলের কিংবদন্তি ডান-ব্যাক কাফুর। তবে ১৯৯৪ সালের ফাইনালে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। পরে ১৯৯৮ ও ২০০২ সালের ফাইনালে শুরুর একাদশে ছিলেন। তিনটি ফাইনালে দুটি শিরোপা জিতেছিলেন কাফু, আর ২০০২ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ উঁচিয়ে ধরেন।

স্পেনের বিপক্ষে ফাইনালে শুরু থেকেই মাঠে নেমে সেই রেকর্ডে নতুন মাত্রা যোগ করলেন মেসি। এখন তাঁর সামনে সুযোগ—দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর