[email protected] মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬
৬ই শ্রাবণ ১৪৩৩

‘আমরা সবকিছু জিতে নিয়েছি’—বিশ্বজয়ের পর আবেগঘন দে লা ফুয়েন্তে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

২০২৬ বিশ্বকাপ জয়ের পর আবেগে ভেসেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন, এই প্রজন্মের ফুটবলারদের সঙ্গে স্পেন আন্তর্জাতিক ফুটবলে জেতার মতো সবকিছুই জিতে নিয়েছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন। বিশ্বকাপ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ডও গড়েছে ‘লা রোহা’।

ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশন লা ১-কে দেওয়া প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, “আমি এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে ভীষণ গর্বিত। তারা একটি নির্দিষ্ট ফুটবল দর্শনে বিশ্বাস করেছে, সেই বিশ্বাস ধরে রেখেছে এবং নিজেদের কঠোর পরিশ্রমে সেটিকে আরও সমৃদ্ধ করেছে। তারা শুধু অসাধারণ ফুটবলার নয়, একটি প্রকৃত পরিবারও।”

তিনি আরও বলেন, “এমন প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড়দের কোচ হতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।”

বিশ্বজয়ের মুহূর্তে দীর্ঘ পথচলার কথা স্মরণ করে স্প্যানিশ কোচ আবেগঘন কণ্ঠে বলেন, “পেছনের দিনগুলোর কথা ভাবলে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। খেলোয়াড়রা আমাকে বলছিল, ‘কোচ, আমরা সবকিছু জিতে নিয়েছি।’ সত্যিই এই প্রজন্মের সঙ্গে আমরা সবকিছু জিতেছি। এর চেয়ে বড় তৃপ্তি আর হতে পারে না।”

দে লা ফুয়েন্তের মতে, বর্তমান স্পেন দল শুধু ট্রফি জেতেনি, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি আদর্শ তৈরি করেছে। তাঁর ভাষায়, “এই ফুটবলাররা মাঠের ভেতরে যেমন অনুকরণীয়, মাঠের বাইরেও তেমনি দৃষ্টান্ত। আমরা সবাই একসঙ্গে থাকলেই সবচেয়ে শক্তিশালী।”

ফাইনালের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও তাঁর বিশ্বাস, ম্যাচের ফল আরও আগেই স্পেনের পক্ষে আসতে পারত। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের দুর্দান্ত কয়েকটি সেভ সেই সুযোগ নষ্ট করেছে।

“আমার মনে হয় ম্যাচটি আরও আগেই আমাদের পক্ষে চলে আসা উচিত ছিল। দিবুর অসাধারণ সেভগুলো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। কিন্তু এটি বিশ্বকাপের ফাইনাল। এমন ম্যাচে শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করতেই হয়,” বলেন স্পেন কোচ।

ম্যাচের শেষ মুহূর্তের চাপের কথাও তুলে ধরেন তিনি। “শেষ চার-পাঁচ মিনিট আমাদের জন্য খুব কঠিন ছিল। তবে এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম। খেলোয়াড়রা অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।”

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে জয়কে প্রাপ্য বলেই মনে করেন বিশ্বজয়ী এই কোচ। তাঁর ভাষায়, “আজ যা হওয়ার ছিল, সেটাই হয়েছে। আমার বিশ্বাস, স্পেনের জয়ই ছিল সবচেয়ে ন্যায্য ফল।”

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর