সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
আবারও ফুটে উঠল দেশের অ্যাথলেটিক্সের রুগ্ন চিত্র
দেশের মাটিতে দ্রুততম মানব ও মানবী হন তারা। রেকর্ড গড়েন অহরহ। অথচ বিদেশের মাটিতে নিস্প্রভ। বলা হচ্ছে দেশের অ্যাথলেটিক্সের কথা। সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের ফুটে উঠল দেশের অ্যাথলেটিক্সের রুগ্ন চিত্র।
সামনেই পাকিস্তানে সাউথ এশিয়ান (এসএ) গেমস। ভাল করার প্রত্যয়ে ক্যাম্পও চলছে। তবে গেমসে যাওয়ার আগে সাফের এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছিল লাল সবুজের অ্যাথলেটদের অন্যতম একটি পরীক্ষার জায়গা। কিন্তু দূর্ভাগ্য তাদের। পাকিস্তানহীন ছয় দেশের এই টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা।
আজ নারী ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদক পাননি।
বাংলাদেশে কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তার। ঘরোয়া পর্যায়ে তার নানা পদক ও অর্জন থাকলেও আন Íর্জাতিক অঙ্গনে সেই অর্থে তেমন কোনো সাফল্য নেই। আজ সাফ অ্যাথলেটিক্স ১০০ মিটার নারী স্প্রিন্ট ইভেন্টের হিটে তিনি দৌড়ই শেষ করেননি। কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে বেরিয়ে যান।
কিছু দিন আগে সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে শিরিনকে হারিয়ে সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী হয়েছিলেন। সুমাইয়া প্রাথমিক পর্ব পেরিয়ে ফাইনালে উঠেছিলেন। ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আট জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ভারতের শিভাকিকের টাইমিং ১১.৭৮।
পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার মোতালেব। দুইজনই ১০.৮৪ সেকেন্ড টাইমিং করেছেন। সমান টাইমিং করলেও মোতালেব পঞ্চম আর ইসমাইল ষষ্ঠ হন। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওত সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: