চার-ছক্কার বৃষ্টিতে সেঞ্চুরির সিংহাসনে এনামুল
মারুফ মৃধার শর্ট বল পুল করে বাউন্ডারিতে পাঠালেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এনামুল হক বিজয়। ৯৭ রানে থেকে তার রান পৌঁছে গেল সেঞ্চুরিতে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে এনামুল পেলেন লিগের প্রথম সেঞ্চুরি। তাও আবাহনী লিমিটেডের বিপক্ষে।
তবে বলার মতো কোনো উদযাপন করলেন না। ব্যাট উচিয়ে ড্রেসিংরুমের দিকে তাক করলেন। এরপর সিজদাহ। এরপর পুরো মনোযোগে ব্যাটিং করে সেঞ্চুরির ইনিংসটিকে টেনে বড় করলেন। ১১৫ বলে ১১ চার ও ৯ ছক্কায় ১৪১ রানে থামলেন। সচরাচর সেঞ্চুরির পর উল্লাস, উদযাপনে মেতে উঠেন এনামুল। আজ তেমন করলেন না। অথচ আজকের এই সেঞ্চুরিতে এনামুল বসেছেন সেঞ্চুরির সিংহাসনে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এনামুল সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন। তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে। তামিম ৩২০ লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪ সেঞ্চুরি পেয়েছেন।
এনামুল ২৫ সেঞ্চুরি পেতে খেলেছেন ২৩৪ ইনিংস। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলায় এবং পারফর্ম করায় এনামুলের কাজটা সহজ হয়েছে। ২০২২ সালে ঢাকা লিগে এক মৌসুমে ১১৩৮ রান করার রেকর্ড গড়েছিলেন। ৪৯ ওয়ানডে ক্রিকেটে এনামুলের সেঞ্চুরি ৩টি। ২২টি সেঞ্চুরি পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে।
তামিম ২৪৩ ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা ১৪টি। ১০টি সেঞ্চুরি তিনি পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে। এনামুল ও তামিম বাদে ২০টির বিশের ঘরে সেঞ্চুরি নেই আর কারো। এরপর তালিকায় আছেন মুশফিকুর রহিম। তার সেঞ্চুরির সংখ্যা ১৬টি। লিটনের সেঞ্চুরির সংখ্যা ১৫টি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: