[email protected] শুক্রবার, ১২ই জুন ২০২৬
২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কেন উইলিয়ামসনের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার এবং দেশটির সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক রানসংগ্রাহক কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন উইলিয়ামসন।

শুক্রবার দুপুরে নিউজিল্যান্ড ক্রিকেট এ খবর নিশ্চিত করেছে। আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন কেন। এবার টেস্ট ক্রিকেটকেও বললেন গুডবাই। 
 
উইলিয়ামসনের অবসরের মধ্য দিয়ে শেষ হলো ১৬ বছরের এক গৌরবোজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১০ সালে নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেকের পর তিনি দেশের হয়ে মোট ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে অসংখ্য ব্যাটিং রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে অর্জন করেছেন ব্যাপক সম্মান ও প্রশংসা। 
 
৩৫ বছর বয়সী এই কিংবদন্তি ব্যাটার ক্যারিয়ার শেষ করছেন নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক রানসংগ্রাহক হিসেবে। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ১৯ হাজার ৩৪৬ রান। এছাড়া ৪৮ সেঞ্চুরি এবং ৬ ডাবল সেঞ্চুরি আছে তার নামের পাশে। 
 
ব্যাট হাতে অসাধারণ সাফল্যের পাশাপাশি নেতৃত্বগুণেও উইলিয়ামসন ছিলেন অনন্য। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ‘ব্ল্যাকক্যাপস’কে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনাল, তিনটি সেমিফাইনাল খেলেছে এবং ২০২১ সালে জিতেছে উদ্বোধনী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। 
 
গত নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন উইলিয়ামসন।
 
অবসরের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। তবে গত কয়েক দিনে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই প্রবল আবেগ ও ক্ষুধা ছিল। নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এর চেয়ে কম কিছু নিয়ে চালিয়ে যাওয়া ঠিক হতো না। নিজের শর্তে বিদায় নিতে পারছি, এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
 
দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে উইলিয়ামসন বলেন, ‘এই দলে অসাধারণ প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু অর্জনের প্রবল ইচ্ছাও আছে। নিউজিল্যান্ড দলকে আমি ভালোবাসি। এত দীর্ঘ সময় এর অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। দলটি সবসময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে।’
 
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়ালটার উইলিয়ামসনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যে কেউ কেনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে, সে জানে তিনি কতটা বিশেষ একজন খেলোয়াড় এবং মানুষ। তার পরিসংখ্যান ও ব্যাটিং দক্ষতাই সব বলে দেয়। তবে ব্ল্যাকক্যাপস দল এবং বিশ্ব ক্রিকেটে তার প্রভাবই হবে তার প্রকৃত উত্তরাধিকার।’
 
‘দলের সংস্কৃতি ও মানদণ্ড গঠনে কেনের অবদান আমাদের ডিএনএর অংশ হয়ে থাকবে। তিনি সবসময় দলের স্বার্থকে নিজের আগে রেখেছেন। তাকে হারাতে আমরা হতাশ, কিন্তু তার সিদ্ধান্তে তিনি শান্ত ও সন্তুষ্ট, এ জেনে আমরা খুশি।’
 
উইলিয়ামসন ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পান। এছাড়া চারবার জিতেছেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হেলি তার প্রশংসা করে বলেন, ‘কেন একজন অসাধারণ খেলোয়াড় এবং দুর্দান্ত নেতা। তিন ফরম্যাটেই নিজের খেলাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। তিনি নিঃসন্দেহে নিজের সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিদায় নিচ্ছেন।’ লর্ডস টেস্ট তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।
 
বিশ্ব ক্রিকেটের অন্যতম ভদ্র, মার্জিত ও সফল এই ব্যাটারের বিদায়ে একটি স্বর্ণালী অধ্যায়ের শেষ হলো।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর