[email protected] শুক্রবার, ১২ই জুন ২০২৬
২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তিন লাল কার্ডের ম্যাচে জয় তুলে নিলো মেক্সিকো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জুন ২০২৬ ০৮:০৬ এএম

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল নাটকীয়তা। তিনটি লাল কার্ড, দুই দলের ভিন্নমুখী পারফরম্যান্স এবং স্বাগতিকদের দাপুটে ফুটবলে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে স্বাগতিক মেক্সিকো।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। মাত্র নবম মিনিটেই এগিয়ে যায় তারা। হুলিয়ান কিনিয়োনেসের নিখুঁত ফিনিশিংয়ে গোল পেয়ে যায় মেক্সিকো, যার শুরুটা হয়েছিল ম্যাচের একেবারে প্রথম দিকের চাপ থেকে। যদিও এর আগেই তৃতীয় মিনিটে রাউল জিমিনেজ একটি সহজ সুযোগ নষ্ট করেন, আফ্রিকান গোলরক্ষক রোনেন উইলিয়ামস সেই শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন।

গোল হজমের পর কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকা কার্যত ম্যাচে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। বরং বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল মেক্সিকোর। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা। হুলিয়ান আবারও ১৯তম মিনিটে গোলের সুযোগ পেলেও তার শটটি বার ঘেঁষে বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে মেক্সিকোর নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়ে ওঠে। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল জিমিনেজ। সতীর্থদের গুছানো আক্রমণ থেকে পাওয়া সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন তিনি।

অন্যদিকে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে থাকে লাল কার্ডের ঘটনা। ৪৯ ও ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি কার্যত ৯ জনে পরিণত হয়। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে আরও আক্রমণ চালালেও অতিরিক্ত সময়ের এক পর্যায়ে মেক্সিকোর সেজার মন্তেসও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মেক্সিকোর হাতে। দক্ষিণ আফ্রিকা আক্রমণে তেমন কোনো চাপ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে বল দখলে মেক্সিকোর আধিপত্য ছিল স্পষ্ট, ৬১ শতাংশ বল ছিল তাদের নিয়ন্ত্রণে, বিপরীতে দক্ষিণ আফ্রিকার দখলে ছিল ৩৯ শতাংশ। শট নেয়ার ক্ষেত্রেও ব্যবধান ছিল বড়, মেক্সিকো নেয় ১৫টি শট যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, আর দক্ষিণ আফ্রিকার ৪টি শটের মধ্যে ৩টি ছিল অন টার্গেটে।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করল স্বাগতিক মেক্সিকো, আর নাটকীয় লাল কার্ডের ম্যাচটি রয়ে গেল উদ্বোধনী দিনের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর