[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

আলভারেজ-লাউতারো দ্বন্দ্বে মধুর সমস্যায় স্কালোনি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মতোই আসর শুরু করেছে আর্জেন্টিনা। দাপুটে এই জয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে আলবিসেলেস্তেদের বেশ নির্ভার থাকার কথা থাকলেও, দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি সবসময়ই সতর্ক।

যেকোনো ম্যাচ ঘিরেই তিনি সমান মনোযোগী। তবে মাঠের সতর্কতার পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন এই কোচকে এখন নতুন এক মধুর ফুটবলীয় জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। আর সেই জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের দুই প্রধান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কাকে রেখে কাকে একাদশে নামাবেন, তা নিয়েই জটিল ছক কষতে হচ্ছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ইন্টার মিলানের তারকা লাউতারো। ৫৫ মিনিট পর্যন্ত মাঠে থেকে দলের জন্য অসাধারণ অবদান রাখেন তিনি। এরপর তার পরিবর্তে মাঠে নামেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আলভারেজ। মূলত এই পজিশনটি নিয়ে স্কালোনির মধুর সমস্যা নতুন কিছু নয়। কাতার বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে মার্টিনেস শুরু করলেও তৃতীয় ম্যাচ থেকে জায়গা কেড়ে নেন আলভারেজ। তবে এই টুর্নামেন্টের আগে আলভারেজের গোড়ালির চোট থাকায় লাউতারোকে বেছে নেন কোচ।

ম্যাচ শেষে লাউতারোর লড়াকু ফুটবল ও শারীরিক দক্ষতার প্রশংসা করে স্কালোনি বলেন, “কোচকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়, কে খেলবে, কে খেলবে না, কে মাঠে আসবে বা কে উঠে যাবে। প্রত্যেকেই খেলতে চায়, তবে দল গঠনের জন্য মাত্র ১১ জন খেলোয়াড় প্রয়োজন এবং আপনাকে দলের আদর্শ কার্যকারিতা খুঁজে নিতে হবে।”

বৃহস্পতিবার আর্জেন্টিনার অনুশীলনের পর দেশটির গণমাধ্যমগুলোর আভাস, অস্ট্রিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মার্টিনেসের জায়গায় আলভারেজকে শুরু থেকেই দেখা যেতে পারে। বোকা জুনিয়োর্সের সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়া এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, “এটি একটি আশীর্বাদের মতো সন্দেহ এবং দারুণ এক প্রতিযোগিতা। লাউতারো একজন দুর্দান্ত ফিনিশার, যে মূলত ডি-বক্সের ভেতরের স্ট্রাইকার। অন্যদিকে হুলিয়ান বক্সের ভেতর থাকার পাশাপাশি বাইরেও অবদান রাখে এবং প্রতিপক্ষকে প্রেসিং করার ক্ষেত্রে তার শারীরিক তীব্রতা অনেক বেশি।”

অবশ্য জটিলতা শুধু আক্রমণভাগেই সীমাবদ্ধ নয়; রক্ষণভাগ নিয়েও কিছুটা ভাবনায় আছেন স্কালোনি। আলজেরিয়ার বিপক্ষে রাইট-ব্যাকে গনজালো মন্তিয়েল শুরু করলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় নিয়মিত পছন্দ নাহুয়েল মলিনাকে। এছাড়া কাফ ইনজুরির কারণে লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে, যার জায়গায় প্রথম ম্যাচে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাগলিয়াফিকো মাঠে ফিরেছেন এবং তার চোটের ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সব মিলিয়ে অস্ট্রিয়া বধের আগে একাদশ সাজানোর এই চেনা অথচ কঠিন সমীকরণেই বন্দি আলবিসেলেস্তে শিবির।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর