[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

কাতারের বিপক্ষে ম্যাচে ভয়াবহ আঘাত পেয়ে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপে কাতারের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে। শুক্রবার (১৯ জুন) ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের ৫৩তম মিনিটে কাতারের আসিম মাদিবুর মারাত্মক ট্যাকলের শিকার হন তিনি।

ঘটনার পরপরই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে। নিজের গোড়ালি চেপে ধরে মাঠে পড়ে থাকেন কোনে। দ্রুত মাঠে প্রবেশ করে কানাডার মেডিকেল টিম, আর সতীর্থরা তাকে ঘিরে দাঁড়ান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাকলের ফলে কোনের গোড়ালি মারাত্মকভাবে মচকে গেছে কিংবা ভেঙেও যেতে পারে। যদিও তার চোটের প্রকৃত অবস্থা এখনো নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর ম্যাচের রেফারি ক্রিস্টিয়ান গারাই সরাসরি লাল কার্ড দেখান কাতারের মিডফিল্ডার আসিম মাদিবুকে। এর ফলে ম্যাচের বাকি প্রায় ৪০ মিনিট কাতারকে ৯ জন নিয়ে খেলতে হয়।

চোটের কারণে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় কোনেকে। তার শরীরের নিচের অংশ ঢেকে রাখা হয়েছিল, যা চোটের ভয়াবহ অবস্থারই ইঙ্গিত দেয়। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত কানাডিয়ান সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে থাকেন। সমর্থকদের ভালোবাসার জবাবে স্ট্রেচারে শুয়েই ‘থাম্বস আপ’ দেখান এই মিডফিল্ডার।

কানাডার জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কোনে। ২০২২ বিশ্বকাপেও কানাডার হয়ে সব ম্যাচ খেলেছিলেন তিনি। চলতি বিশ্বকাপেও স্বাগতিকদের প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই মিডফিল্ডার। এখন তার চোট কতটা গুরুতর এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কি না, সেটিই কানাডা শিবিরের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর