[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের পরই অবসর নেবেন নয়্যার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০২৬ বিশ্বকাপ শেষে জাতীয় দলের জার্সি খুলে রাখবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। বায়ার্ন মিউনিখের এই অভিজ্ঞ গোলকিপার এবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টি রাঙাতে চান আরেকটি বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে। প্রতিবেদন গোল ডটকমের।

৪০ বছর বয়সী নয়্যার ইউরো ২০২৪-এর পর জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তবে ক্লাব পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান তাকে আবারও জাতীয় দলে ফেরার জন্য রাজি করান।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, ‘২০২৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সফল ইউরোর পর আমি সরে দাঁড়িয়েছিলাম একটি যথার্থ কারণেই। তখন আমার কাছে সেটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। জাতীয় দলের হয়ে আরও দুই বছর খেলা আমার জন্য বড় ধরনের ক্রীড়াগত চাপ হয়ে যেত।’

জাতীয় দলে ফিরে এসে আবারও প্রথম একাদশে জায়গা করে নিলেও নয়্যার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর কোনো ইউ-টার্ন হবে না। তিনি টানা পঞ্চম বিশ্বকাপে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, ‘আমার জন্য বিষয়টি একেবারে পরিষ্কার; এটাই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পরের ইউরোতে খেলার কোনো পরিকল্পনা নেই। গত কয়েক দিনে আমি উপলব্ধি করেছি যে জার্মানির হয়ে এগুলোই আমার শেষ ম্যাচগুলো। তবে আমি বিদায়ী আয়োজন নিয়ে ভাবতে চাই না; বরং সামনে থাকা ম্যাচগুলো নিয়েই মনোযোগ দিতে চাই।’

নয়্যারের প্রত্যাবর্তনের ফলে অলিভার বাউমানকে বেঞ্চে ফিরতে হয়েছে। নয়্যারের অনুপস্থিতিতে হফেনহাইমের এই গোলরক্ষককে টুর্নামেন্টের সম্ভাব্য প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে নয়্যার জানিয়েছেন, তাদের মধ্যে কোনো ধরনের বিরূপ সম্পর্ক নেই।

শনিবার আইভরি কোস্টের মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে তারা। নয়্যারের লক্ষ্য এখন কেবল সামনের ম্যাচ। তবে বিশ্বকাপ জিততে পারলে তিনি ইতিহাসের প্রথম জার্মান ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপ শিরোপার মালিক হবেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর