[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৫ই শ্রাবণ ১৪৩৩

জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল মানেই আর্জেন্টিনার হতাশা, এবার কি ভাঙবে সেই অভিশাপ?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ২৩:০৭ পিএম

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছে। তবে একটি পরিসংখ্যান দীর্ঘদিন ধরেই তাদের জন্য অস্বস্তির—জুলাই মাসে অনুষ্ঠিত বিশ্বকাপের কোনো ফাইনালেই জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা।

১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ৩০ জুলাই। সেই ম্যাচে বিরতিতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্বাগতিক উরুগুয়ের কাছে ৪-২ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। ফলে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যায়।

এরপর দীর্ঘ ৬০ বছর পর ১৯৯০ সালে আবারও ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ইতালি বিশ্বকাপের ৮ জুলাই রোমের ফাইনালে আন্দ্রেয়াস ব্রেমের একমাত্র গোলে পশ্চিম জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে দিয়েগো ম্যারাডোনার দল।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও একই গল্প। দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠলেও ১৩ জুলাই মারাকানা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে মারিও গ্যোটজের গোলে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা। শিরোপা থেকে আরেকবার বঞ্চিত হতে হয় আলবিসেলেস্তেদের।

অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচে। তবে সেটি হয়েছিল ভিন্ন সময়ে। মধ্যপ্রাচ্যের আবহাওয়ার কারণে বিশ্বকাপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নভেম্বর-ডিসেম্বরে। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। উল্লেখযোগ্যভাবে, ১৯৭৮ ও ১৯৮৬ সালের শিরোপাও তারা জিতেছিল জুন মাসে অনুষ্ঠিত বিশ্বকাপে।

এবার আবারও ক্যালেন্ডারে জুলাই। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। তাই ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—জুলাইয়ের ফাইনালে হারের ইতিহাস কি এবার বদলে নতুন অধ্যায় লিখতে পারবে আর্জেন্টিনা, নাকি এই মাসের হতাশার ধারাবাহিকতাই বজায় থাকবে?

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর