সিঙ্গাপুর ওপেনে সিনিয়র ও জুনিয়র বিভাগে বাংলাদেশের জোড়া ব্রোঞ্জ
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস (FIG) অনুমোদিত সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপস ২০২৬-এ দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ২-৭ জুন অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ সিনিয়র ও জুনিয়র—উভয় বিভাগেই দলগত ব্রোঞ্জ পদক অর্জন করেছে। সিঙ্গাপুর থেকে এই তথ্য জানান বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান জামিল।
নয়টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং চায়না, ফিলিপিনস ও মঙ্গোলিয়াসহ বিভিন্ন দেশের জিমন্যাস্টরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশের জিমন্যাস্টরা দলগত ইভেন্টে পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।
সিনিয়র বিভাগে দক্ষিণ কোরিয়া স্বর্ণ এবং স্বাগতিক সিঙ্গাপুর রৌপ্য পদক অর্জন করে। বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থান নিশ্চিত করে। সিনিয়র দলের সদস্যরা হলেন—শিশির আহমেদ, আবু সাঈদ রাফি, রাজিব চাকমা, রাফিল আহম্মেদ ও উহাইমং মারমা।

অন্যদিকে জুনিয়র বিভাগে স্বর্ণ জয় করে সিঙ্গাপুর এবং রৌপ্য পায় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ জুনিয়র দলও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ব্রোঞ্জ পদক অর্জন করে। জুনিয়র দলের সদস্যরা হলেন—প্রেনথৈ ম্রো, মংচিংপ্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মারমা ও ওয়ে ওয়ে সাই মারমা।
দলগত ইভেন্টে সাফল্যের পর এখন বাংলাদেশের লক্ষ্য ব্যক্তিগত ইভেন্টগুলোতে পদক জয়। আগামী ৬ ও ৭ জুন অনুষ্ঠিত হবে সিনিয়র বিভাগের ছয়টি এবং জুনিয়র বিভাগের ছয়টি ইভেন্টের ফাইনাল। এসব ফাইনালে বাংলাদেশের একাধিক জিমন্যাস্ট অংশ নিয়ে পদকের জন্য লড়বেন।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই সাফল্য দেশের জিমন্যাস্টিকসের অগ্রগতিরই প্রতিফলন। প্রথম দিনেই সিনিয়র ও জুনিয়র—দুই বিভাগে ব্রোঞ্জ পদক জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন ব্যক্তিগত ইভেন্টগুলোতে আরও সাফল্যের প্রত্যাশায় রয়েছে দেশের ক্রীড়াঙ্গন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: