ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটার অভিষেক পোড়েল ও মামলার অপর এক অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
এক মেডিকেল শিক্ষার্থীর করা মামলায় ধর্ষণ, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক গুরুতর অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মামলার নথি অনুযায়ী, গত জুনে হুগলির মগরা থানায় ওই তরুণী ও তার মা অভিযোগ দায়ের করেন। অভিযোগে তরুণী দাবি করেন, প্রায় তিন বছর ধরে অভিষেক পোড়েলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে গত বছর থেকে ক্রিকেটারটি ধীরে ধীরে তার সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন।
অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। পরবর্তী সময়ে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান। এ ছাড়া অভিষেকের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর মগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে কলকাতা হাইকোর্ট মামলাটিতে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
তবে অভিষেক পোড়েল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে বেঙ্গালুরুতে থাকা এই ক্রিকেটারের দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত তদন্তকারী পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেনি।
গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় অভিষেক বলেন, ‘আমি এখন ভালো খেলছি, তাই নানা ধরনের বিষয় সামনে আসছে। পুলিশ তদন্ত শেষ করার পরই এ বিষয়ে বিস্তারিত বলব। এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে আমার কোনো কথা হয়নি।’
২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার অভিষেক পোড়েল ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। সর্বশেষ মৌসুমে চার ইনিংসে তার সংগ্রহ ১০৮ রান। এর আগে ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৩২টি প্রথম শ্রেণির ও ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।
এদিকে মামলাটি এখনো বিচারাধীন এবং অভিযোগের তদন্তও চলছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনগতভাবে অভিষেক পোড়েল বা অন্য কোনো অভিযুক্তকে দোষী হিসেবে গণ্য করা যায় না। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় মামলার প্রকৃত ঘটনা ও দায় নির্ধারিত হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: