বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াঙ্গনে
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ (বাফুফে) বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলো স্থগিতের কথা জানিয়েছে।
বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভাসছে দেশ। মহিয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও পড়েছে শোকের ছায়া। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ (বাফুফে) বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলো স্থগিতের কথা জানিয়েছে।
এক শোকবার্তায় বিসিবি লিখেছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ক্রিকেট আজ এই পর্যায়ে আসায় তাঁর অবদান অনেক। জাতির এমন দুঃসময়ে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
বাফুফে এক শোকবার্তায় লিখেছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অসাধারণ এক ব্যক্তিত্ব ছিলেন। রাজনীতিতে তাঁর অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতির পক্ষ থেকে শোক জানাচ্ছে বাফুফে।’
জাতীয় কাবাডি খেলা স্থগিত করেছে কাবাডি ফেডারেশন। তবে আগে থেকে শুরু হওয়া জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপের শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মিরপুরে শহিদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শোকের মধ্যেও চলেছে ফিন সুইমিং। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়িয়েছে অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা।
এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), সাইক্লিং ফেডারেশন, টেনিস ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, হকি ফেডারেশন, কুস্তি ফেডারেশন, ব্যাডমিন্টন ফেডারেশন, বক্সিং ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, সুইমিং ফেডারেশন, দাবা ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশন, উশু ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড ¯œুকার ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, আরচারি ফেডরেশন, টেনিস ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্ট কমিউনিটি (বিএসজেসি), জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদগণ অন্যান্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশন শোক জানিয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: