নির্বাচনী ভোট উৎসবে মাতোয়ারা ক্রীড়াবিদরা
তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর এমন গণতান্ত্রিক পরিবেশ ফেরায় ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে সবার মধ্যে। তেমনি আগ্রহী হয়ে উঠেছেন নতুন ভোটাররাও। ক্রীড়াঙ্গণেও এবার ভোটারধিকার প্রয়োগ করেছেন নতুন ভোটাররা।
মোরসালিন আহমেদ, জাতীয় দলের অ্যাটাকিং মিডফিল্ডার
উরিদপুরের চরভদ্রাসনে বাড়ি জাতীয় দলের অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিনের। আগে ভোটার হলেও এই প্রথমবার ভোট দিয়েছেন। মোরসালিন বলেন, ‘আমি আগে ভোটার হয়েছিলাম, কিন্তু খেলা থাকায় ভোট দিতে পারিনি। এবার খেলা নেই। তাই প্রথমবার ভোট দিয়েছি। ভোট দেওয়ার জন্যই আমি একদিন আগে রাতেই বাড়ি চলে আসি। আসলে প্রথমবার ভোট দেবো, উদ্দীপনাটা অন্যরকম ছিল।’
সাবিনা খাতুন, নারী ফুটসাল দলের অধিনায়ক
নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যের আরেক নাম সাবিনা খাতুন। তার অধিনায়কত্বে নেপালে টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এসেছে সাফ ফুটসাল শিরোপাও। বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করছেন সাবিনা। ৩২ বছর বয়সী এই অধিনায়ক বলেছেন, ‘খেলার ব্যস্ততার কারণে আগে কখনো ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিয়েছি। আমি চেষ্টা করেছি যোগ্য প্রার্থীকে ভোট দিতে, যাতে আমাদের এলাকার উন্নয়ন হয় এবং খেলাধুলা এগিয়ে যায়।’
আমিরুল ইসলাম, জাতীয় হকি তারকা
বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোল করে আলোচনায় আসা আমিরুল ইসলাম এখন জাতীয় দলের প্রস্তুতির ফাঁকে এখন ফরিদপুরে নিজ বাড়িতে। ২০ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি প্রথমবার ভোট দিয়েছি। তাই আলাদা রকম উত্তেজনা কাজ করছে। সকালেই ভোট দিতে গিয়েছি। নিজের এলাকা ও দেশের জন্য যিনি নিঃস্বার্থভাবে কাজ করবেন, এমন প্রতিনিধিকেই ভোট দিয়েছি।’
নোশিম আঞ্জুম, জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী এবারই প্রথম ভোট দিয়েছেন। খিলগাঁওয়ের বাসিন্দা নোশিনের ভোট কেন্দ্র খিলগাঁও মডেল স্কুল। দুপুরের দিকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রথম সব কিছুই একটি ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে এবারই প্রথম আমি ভোট দিয়েছি। তাই একটু রোমাঞ্চিত। ভাল লেগেছে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: