[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ১২:০৩ পিএম

দুনিয়া জুড়ে যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শুরু হলো শীতকালীন প্যারা অলিম্পিক। রোমের সেই প্রাচীন কলোসিয়ামের চেয়েও পুরোনো ভেরোনায় জ্বলে উঠলো প্যারা অলিম্পিকের মশাল।

নানা প্রতিবন্ধকতা আর যুদ্ধের আবহে বিশ্ব যখন বিভক্ত, ঠিক তখনই অন্তর্ভুক্তি আর সাহসের জয়গানে শুরু হলো মিলানো-কোর্টিনা ২০২৬ শীতকালীন প্যারা অলিম্পিক। এক ঝাঁক নতুন দেশ অংশ নিলেও, রাজনৈতিক বিভক্তির কারণে অলিম্পিক প্যারেড বয়কট করে ইউক্রেনসহ ইউরোপের ৬ দেশ। প্যারেডে ছিলেন না ইরানের একমাত্র অ্যাথলিট আবুল ফজল খাতিবিও।

দুই হাজার বছরের পুরোনো ইতিহাস সাক্ষী হয়ে রইলো একবিংশ শতাব্দীর এক আধুনিক লড়াইয়ের। ইতালির ভেরোনা শহরে শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট নাটকের সেই চিরচেনা প্রেক্ষাপটে শুরু হলো ৫০তম শীতকালীন প্যারা অলিম্পিক। তবে এবারের আয়োজন কেবল খেলাধুলা নয়, বরং আধুনিক প্রযুক্তি আর মানবিক সাম্যের এক অনন্য মিশেল।

উদ্বোধনী মঞ্চে সুরের মূর্ছনায় মাতালেন দুই হাতবিহীন বিশ্বখ্যাত ড্রামার করনেল রিসকা-মান। এরপরই একে একে মাঠে প্রবেশ করেন ৫৫টি দেশের ৬১১ জন অ্যাথলেট। এবারই প্রথম শীতকালীন এই মহাযজ্ঞে অভিষেক হলো হাইতি, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, পর্তুগাল এবং এল সালভাদরের মতো দেশের।

তবে উৎসবের রঙে কিছুটা হলেও ছায়া ফেলেছে ভূ-রাজনীতি। রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের পূর্ণ জাতীয় পতাকাতলে অংশ নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে প্যারেড বয়কট করেছে ইউক্রেনসহ ইউরোপের ৬টি দেশ। অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে আসতে পারেননি ইরানের একমাত্র অ্যাথলিট আবুল ফজল খাতিবি।

ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার পর মঞ্চে আসেন মিকি বায়োনিক, বিশ্বের প্রথম ডিজে যিনি বায়োনিক হাতের সাহায্যে সঙ্গীত পরিবেশন করেন। যা তুলে ধরে গেমসের মূল থিম ‘আইটি’স ইওর ভাইব’।

অনুষ্ঠানের শেষলগ্নে মঞ্চ মাতান ইতালির ফেন্সিং তারকা বিট্রিচ 'বেবে' ভিও। তিনি মশাল নিয়ে আসতেই শুরু হয় অভূতপূর্ব এক দৃশ্য। ইতিহাসে প্রথমবার মিলান এবং কোর্টিনা, দুই শহরে একসাথে জ্বলে ওঠে অলিম্পিকের শিখা। এমনকি মহাকাশ থেকেও আসে বিশেষ বার্তা। মহাকাশচারী সোফি অ্যাডেনোট এবং প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশে পা রাখা মিশেলা বেনথাউস অ্যাথলেটদের অনুপ্রাণিত করেন।

আগামী ১৫ মার্চ পর্যন্ত এই আসরে ৬টি স্পোর্টসের ৭৯টি মেডেল ইভেন্টে লড়বেন অ্যাথলেটরা। যেখানে জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠবে মানুষের অপরাজেয় মানসিক শক্তি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর