[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাঁচ ঘণ্টার ম্যারাথন শেষে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলকারাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

মেলবোর্ন পার্কের ইতিহাসে স্মরণীয় এক ম্যাচ খেললেন টেনিসে বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ ও আলেক্সান্ডার জভেরেভ।

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত পাঁচ ঘণ্টার ম্যারাথন সেমিফাইনালে চোটের আতঙ্ক কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। ৬-৪, ৭-৬(৫), ৬-৭(৩), ৬-৭(৪), ৭-৫ ব্যবধানে জয় পান ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। এর মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পা রাখলেন আলকারাজ। এর মাধ্যমে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। খবর এনডিটিভির।

ম্যাচের শুরুতে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন আলকারাজ। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটের টাইব্রেকেও জয় তুলে নেন তিনি। তবে তৃতীয় সেটেই ম্যাচ নাটকীয় মোড় নেয় ম্যাচ। হঠাৎই ডান উরু ও কুঁচকিতে অস্বস্তি অনুভব করতে শুরু করেন আলকারাজ এবং বারবার পা চেপে ধরতে দেখা যায় তাকে।

তীব্র ক্র্যাম্প ও পায়ের টানের কারণে আলকারাজ মেডিক্যাল টাইম-আউট চাইলে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। এই পরিস্থিতিতে চেয়ার আম্পায়ার মারিয়ানা ভেলজোভিচের সঙ্গে তর্কে জড়ান জ়ভেরেভ। জার্মান তারকা ক্ষোভের সঙ্গে বলেন, ‘ক্র্যাম্পের জন্য মেডিক্যাল টাইম-আউট নেয়ার নিয়ম নেই। ’তবে আলকারাজের শিবিরের দাবি ছিল, পরিস্থিতি সামলাতে চিকিৎসা সহায়তা প্রয়োজন ছিল।

শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে পরপর দুই সেটের টাইব্রেক জিতে ম্যাচকে পঞ্চম সেটে নিয়ে যান জ়ভেরেভ। নির্ণায়ক সেটের শুরুতেই ব্রেক করে ৩-১ ব্যবধানে এগিয়ে যান তিনি। কিন্তু হাল ছাড়েননি আলকারাজ। অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা দেখিয়ে ম্যাচে ফেরেন তিনি। এরপর জ়ভেরেভের একের পর এক এররের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিজের করে নেন স্প্যানিশ তরুণ।

ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ নির্ধারিত হবেন নোভাক জকোভিচ ও ইয়ানিক সিনারের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী থেকে। রোববার ফাইনালে জয় পেলে ওপেন যুগে মাত্র অষ্টম পুরুষ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়বেন কার্লোস আলকারাজ।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর