[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হলো আলকারাজের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনালে উঠেছেন দানিল মেদভেদেভ। তিনি ৬–৩ ও ৭–৬ (৭–৩) ব্যবধানে স্প্যানিশ তারকাকে পরাজিত করেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ হবেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার।

২০২৬ মৌসুমে এটি আলকারাজের প্রথম পরাজয়। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা ১৬টি ম্যাচে জয় পেয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতা এবার ভেঙে দিলেন মেদভেদেভ।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন মেদভেদেভ। মাত্র ৩৫ মিনিটে প্রথম সেট ৬–৩ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে ওঠে। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭–৩ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ নিশ্চিত করেন ৩০ বছর বয়সী এই রুশ তারকা।

জয়ের পর মেদভেদেভ বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়কে হারানো সবসময়ই আলাদা অনুভূতি দেয়। তার মতে, আলকারাজ, সিনার কিংবা নোভাক জোকোভিচের মতো প্রতিপক্ষের বিপক্ষে র‌্যাঙ্কিং ততটা গুরুত্বপূর্ণ নয়; তাদের বিপক্ষে খেলা যেমন বিশেষ, তেমনি জয় পাওয়া আরও বড় ব্যাপার।

পরাজয়ের পরও প্রতিপক্ষের প্রশংসা করেছেন আলকারাজ। তিনি বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত মেদভেদেভ অসাধারণ খেলেছেন এবং এমন পারফরম্যান্স তিনি আগে দেখেননি।

অন্য সেমিফাইনালে জার্মানির আলেক্সান্ডার ভেরেভকে ৬–২ ও ৬–৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন সিনার। পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ইতালিয়ান এই তারকা ইন্ডিয়ান ওয়েলসে এবারই প্রথম ফাইনাল খেলবেন।

এই ফাইনাল সিনারের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। শিরোপা জিততে পারলে রজার ফেদেরার ও জোকোভিচের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি হার্ডকোর্ট এটিপি মাস্টার্স ১০০০ শিরোপা জয়ের কীর্তি গড়বেন তিনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর