[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান আরচারিতে পদক জিতলেই অর্থ পুরস্কার!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) অংশ নিতে আজ (শুক্রবার) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১০ সদস্যের দলে পুরুষ ৬ ও নারী আরচ্যার ৪ জন। রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

আরচ্যারদের ভালো পারফরম্যান্সে উদ্বুদ্ধ করতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সদস্য ও ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্বর্ণ জিতলে এক হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া যেকোনো পদক জিততে পারলেই আরচ্যারদের জন্য থাকছে অর্থ পুরস্কার, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।

গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ (স্টেজ-২) আরচ্যারি টুর্নামেন্টে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে জাপানের মিয়াতা গাকুতোকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছিলেন আলিফ। এতে তাৎক্ষণিকভাবে চপল আলিফকে এক হাজার ডলার দিয়েছিলেন। থাইল্যান্ডেও স্বর্ণপদক জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী আব্দুর রহমান আলিফ। যে প্রস্তুতি হয়েছে তাতে সন্তুষ্ট ফেডারেশনের কর্মকর্তারা। আরচ্যাররা তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারলে একাধিক মেডেল জয়ের প্রত্যাশা ফেডারেশনের কর্মকর্তাদের।

খেলোয়াড়দের উৎসাহ দিতে টঙ্গীর আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল গিয়েছিলেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রেসিডেন্ট ড. মো. মোখলেসুর রহমান। এ সময় আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ কোচ এবং আরচ্যাররা উপস্থিত ছিলেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর