[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ

দ্বৈতের শেষ ষোলোতে বাংলাদেশের রিয়াদুল-তনয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি।

আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেরা ৩২- এর লড়াইয়ে ভারতের ভেংকট সানী নাগা-সাই প্রুধভি সারানাম জুটিতে সরাসরি ২১-৮ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের প্রতিযোগিরা রিয়াদুুল-তনয়ের সামনে দাঁড়াতেই পারেননি। আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে এটি তাদের সেরা সাফল্য। তৃতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে সেখানে নিজেদের সেরা সাফল্যকে স্পর্শ করতে পেরে দারুণ খুশি খুলনা ছেলে রিয়াদুল-তনয়। এই জয়ের মধ্য দিয়ে একটা প্রতিশোধ নেয়া হলো তাদের। কদিন আগে ভারতীয় জুটির কাছে হেরেই বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। এবার সেই ভারতকে হারিয়েই শেষ ষোলোতে উঠে এলেন।

ম্যাচশেষে তনয় সাহা বলেন, ‘আমরা পাঁচ বছর ধরে জুটি বেঁধে এক সঙ্গে খেলছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আমাদের সাফল্যের পেছনে রাজু স্যারের অবদান সবচেয়ে বেশি। রাজু স্যারের মতো ভালোমানের একজন কোচ পেয়ে আমরা ধন্য। আরও ধন্যবাদ দিতে চাই ইলোরা শাটলার একাডেমিকে। দিনাজপুরের এই একাডেমিটা বিশ্বমানের। এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সব মিলে সিরিজে আমরা প্রথম ম্যাচ জিতলাম। সামনে আর অনেকদূর যেতে চাই।’ 

রিয়াদুল ইসলাম বলেন, ‘আগের দুটি আন্তর্জাতিক আসরে আমরা ভালো করতে পারিনি। কিš‘ আন্তর্জাতিক এই সিরিজ টুর্নামেন্টের শেষ ষোলাতে উঠতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের সামনে একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

দ্বৈতের সাফল্যের দিনে এককেও দুটি জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তারকা শাটলার খন্দকার আব্দুস সোয়াদ এককে জয় পেয়েছেন। ইরানের সৈয়দ আরমিন জাকিকে তিন সেটের লড়াইয়ে ২১-১৭, ১৭-২১ ও ২২-২০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন। এককে নিজ খেলায় জয় পেয়েছেন স্বাগতিক দলের চিং মং মারমাও। থাইল্যান্ডের পান্নাচি বোমমাককে ২১-১৫, ১১-২১ ও ২২-২০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তিনি। পুরুষ এককে আজ আর কেউ জিততে পারেননি। আল আমিন জুমার, আইমান ইবনে জামান, গৌরব সিংহের মতো বড় নামগুলো নিজ নিজ খেলায় হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। জিততে পারেননি সিফাত উল্লাহ গালিবও। এছাড়া মো. রতন, আব্দুল হামিদ লুকমান, রবিউল ইসলাম রিপন প্রতিপক্ষের কাছ থেকে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছেন। এককের মতো সিফাত ব্রাদার্স দ্বৈতেও হেরে গেছেন (সিফাত উল্লাহ-সিবগাত উল্লাহ)। নারী এককে বড় নাম ঊর্মি আক্তারও হতাশ করেছেন। মালয়েশিয়ার লিম ঝি শিনের বিরুদ্ধে ২১-৬ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন ঊর্মি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর