পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সুখবর দিলো পিসিবি
অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য। দেশজুড়ে চলমান তীব্র জ্বালানি সংকট রোধ করতে পিএসএল দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হলেও, টুর্নামেন্টের ১১তম আসরের ফাইনালে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে দেশটির সরকার। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
পোস্টে পিসিবি প্রধান জানান, ফ্র্যাঞ্চাইজি মালিকদের পক্ষ থেকে ফাইনাল ম্যাচে দর্শক উপস্থিতির জন্য জোরালো অনুরোধ জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে চেয়ারম্যান নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে বিশেষ অনুমতির আবেদন করেন। প্রধানমন্ত্রী বর্তমান মিতব্যয়ী নীতির কথা মাথায় রেখেও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং সমর্থকদের আবেগ বিবেচনা করে ৩ মে অনুষ্ঠিতব্য ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে পাকিস্তান সরকার দেশজুড়ে যাতায়াত ও বিদ্যুৎ ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই কারণেই এবারের পিএসএল লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ—এই ৬টি ভেন্যুতে হওয়ার কথা থাকলেও তা কমিয়ে মাত্র দুটি শহরে (করাচি ও লাহোর) সীমাবদ্ধ করা হয়। এমনকি স্টেডিয়ামে দর্শক প্রবেশও নিষিদ্ধ ছিল পুরো লিগ পর্বে।
পিএসএলের এবারের মৌসুমে রান বন্যায় ভেসেছে বেশির ভাগ ম্যাচ। ২০০ রান তাড়া করেও জয়ের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। গতকাল হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। সবার আগে শেষ চারে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাবর আজমের দল। দুইয়ে থাকা মুলতান সুলতানসও এরই মধ্যে প্লে অফে উঠেছে।
বাকি একটা জায়গার জন্য লড়াই করছে লাহোর কালান্দার্স, হায়দরাবাদ কিংস এবং করাচি কিংস। তবে ৯ ম্যাচে মাত্র ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নবাগত দল রাওয়ালপিন্ডিজ। লিগ পর্বের বাকি অংশ এবং প্লে অফ শেষে আগামী ৩ মে পিএসএলের ফাইনাল মাঠে গড়াবে। ম্যাচটির ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
পিসিবি জানিয়েছে, যারা আগে টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি, তাদের ফাইনালে অগ্রাধিকার দেওয়া হতে পারে। দর্শকহীন মাঠে 'রান বন্যায়' ভাসা এবারের পিএসএল ফাইনালের মধ্য দিয়ে অন্তত একটি জমকালো সমাপ্তি পাবে বলে আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: