ড্রেসিংরুমেই ধূমপান, কোন শাস্তি পেতে পারেন পরাগ
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট বা ভেপিং করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
চলতি আইপিএলে ব্যাট হাতে খুব একটা ভালো সময় পার করছেন না পরাগ। তবে ২২৩ রানের লক্ষ্য তাড়া করে জেতা ম্যাচে তিনি ১৬ বলে ২৯ রান করেন। ম্যাচ চলাকালীন লাইভ সম্প্রচারে তাকে ই-সিগারেট (ভেপিং) টানতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইপিএল ও বিসিসিআই-এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভি ক্যামেরার যুগে ‘অবিবেচক’ আচরণ হিসেবে দেখছেন।
আইপিএলের একটি সূত্র জানায়, ‘অনেক খেলোয়াড় ই-সিগারেট ব্যবহার করে, তবে তারা ড্রেসিংরুমে তা করে না। এত ক্যামেরার মধ্যে এমন কাজ করা ঝুঁকিপূর্ণ ও অসতর্কতা। পরাগ যেভাবে প্রকাশ্যে ধরা পড়েছে, তাতে বিসিসিআইকে পদক্ষেপ নিতে হতে পারে।’
উল্লেখ্য, ভারত সরকার ২০১৯ সালে ই-সিগারেট নিষিদ্ধ করে, যার আওতায় উৎপাদন, বিক্রি ও বিতরণ সম্পূর্ণ বন্ধ। এই আইনে প্রথমবার অপরাধ করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং/অথবা ১ লাখ রুপি জরিমানার বিধান রয়েছে।
তবে টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের নিয়মবইয়ে ভেপিংয়ের জন্য কোনো নির্দিষ্ট শাস্তির বিধান না থাকায় পরাগকে শাস্তি দেয়া নাও হতে পারে। যদিও বিসিসিআই তার আচরণের জন্য সতর্কবার্তা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এই বিষয়ে রিয়ান পরাগের কাছে ব্যাখ্যা চাইবে। বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘ভেপিং অনুমোদিত নয়। আমরা রিয়ানের কাছে ব্যাখ্যা চাইব এবং তার জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
এটি চলতি মৌসুমে রাজস্থান রয়্যালস শিবিরে প্রথম বিতর্ক নয়। এর আগে দলটির ম্যানেজার রোমি ভিন্দার ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের জন্য পিএমওএ প্রটোকল ভঙ্গ করায় ১ লাখ রুপি জরিমানার শাস্তি পেয়েছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: