[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলে ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ হওয়া কে এই অমিত মজুমদার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মে ২০২৬ ০৮:০৫ এএম

ঢাকা প্রিমিয়ার লিগে গতকালও মাঠে নেমেছিলেন অমিত মজুমদার। রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ২৪ বলে ১০ রান করে আউট হন তিনি। ম্যাচে তার দলও হেরে যায়। বিকেএসপিতে হওয়া ওই ম্যাচ শেষে হতাশা নিয়েই মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান।

তবে সন্ধ্যা ছয়টার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর তার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। বিপিএলের দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। এদের মধ্যে একজন ক্রিকেটার হলেন অমিত মজুমদার।

বিসিবির অভিযোগে বলা হয়েছে, অমিত মজুমদার ‘ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য যেকোনো বিষয়ের ওপর বাজি ধরা, বাজি গ্রহণ করা, লে-বেটিং করা অথবা অন্য কোনোভাবে বাজিতে লিপ্ত হওয়া’ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে তিনি অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিতে পারবেন, অথবা অভিযোগ অস্বীকার করে ট্রাইব্যুনালে শুনানির আবেদন করতে পারবেন।

লক্ষণীয় বিষয় হলো, বিপিএলের জন্য নিষিদ্ধ হলেও অমিত মজুমদার এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে কখনো খেলেননি। তার টি–টোয়েন্টি ক্যারিয়ারে ৬টি ম্যাচ খেলে ৫ ইনিংসে ব্যাট করে মোট ৪৩ রান রয়েছে।

তবে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত খেলোয়াড়। খুলনা বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে তার। ১৮ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৫৮ ম্যাচে ২৪২৮ রান করেছেন তিনি, গড় ২৫.৫৫। রয়েছে দুটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০০৯ সাল থেকে খেলা শুরু করা অমিত এখন পর্যন্ত ৯৯ ম্যাচে ২৫৮৫ রান করেছেন। গড় ২৮.০৯, রয়েছে একটি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি।

এর আগে ২০০৮ ও ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন। তবে পরবর্তীতে সেই সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে স্থায়ীভাবে কাজে লাগাতে পারেননি অমিত।

এদিকে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, তদন্তে তার বিরুদ্ধে বিপিএলের পাশাপাশি আইপিএলেও বেটিংয়ের প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও অমিত মজুমদার সাড়া দেননি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর