[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মে ২০২৬ ২০:০৫ পিএম

ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজর কুমারকে হারিয়ে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের নাহিদ রানা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এপ্রিল মাসের সেরা হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) তার নাম ঘোষণা করেছে।

নাহিদ প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৬.৭৫ গড় ও ৪.৪৬ ইকোনমিতে তিনি নিয়েছিলেন ৮ উইকেট। গত বছরের এপ্রিলে পুরস্কারটি জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ।

মিরপুরে প্রথম ওয়ানডেটি নাহিদের ভালো যায়নি। মাত্র এক উইকেট নিতে খরচ করে ফেলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৬৫ রান। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান। দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ফাইফার পান ৩২ রানের বিনিময়ে। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে নেন ২ উইকেট। তাতে বাংলাদেশ সিরিজটি জিতে ২-১ ব্যবধানে। নাহিদ হন সিরিজসেরা খেলোয়াড়।

নিউজিল্যান্ড সিরিজের আগে-পরেও নাহিদ পারফরম্যান্সে উজ্জ্বল। মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিয়েছিলেন সমান ৮ উইকেট। ওই সিরিজেই প্রথমবারের মতো এক ম্যাচে ৫ উইকেটের দেখা পান তিনি। আর কিউইদের বিপক্ষে সিরিজের পরে পাকিস্তানের বিপক্ষে টেস্টেও পেয়েছেন ফাইফারের দেখা। মিরপুরের ওই ম্যাচে বাংলাদেশ জিতে ১০৪ রানে।


মাসসেরার পুরস্কার জিততে পেরে নাহিদ অত্যন্ত সন্তুষ্ট। আইসিসিকে তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করার পর আইসিসি মাসসেরা নির্বাচিত হওয়া সত্যিই দারুণ অনুভূতির।’ তিনি বলেন, ‘নিজেদের মাঠে এমন সাফল্য পাওয়ায় সিরিজটি আরও বিশেষ হয়ে উঠেছিল এবং এটি এমন একটি সিরিজ, যা আমি সবসময় মনে রাখব।’


সতীর্থদের প্রতি নাহিদ কৃতজ্ঞ। ‘পুরো সময়জুড়ে আমার সতীর্থদের অবিচল সমর্থন ও আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘আমি আশা করি, ভবিষ্যতেও দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে পারব।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর