ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আনছে সৌদি আরব
‘ডিউনস লিগ’ নামে নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে সৌদি আরব। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের অনুমোদন পাওয়া এই লিগ এ বছরের অক্টোবরের দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
ইএসপিএনের খবর অনুযায়ী, ছয় দলের ডিউনস টি-টোয়েন্টি লিগটি জেদ্দার কাছাকাছি তাইফ শহরে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় এমন খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয়রা খেলতে পারবেন। পূর্ণ সদস্যভুক্ত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সর্বোচ্চ চারজন খেলোয়াড়, যারা গত দুই বছরের মধ্যে নিজেদের জাতীয় দলের হয়ে খেলেছেন, তারা অংশ নিতে পারবেন। এর মাধ্যমে টুর্নামেন্টটি আইসিসির নিয়ন্ত্রক সীমার মধ্যে থাকবে।
এটি গড়ে তোলা হচ্ছে স্পোর্টস এশিয়ান নেটওয়ার্ক ও ট্যালেন্ট এজেন্সি ইউনিক স্পোর্টস গ্রুপ ও প্রলিথিকের সহযোগিতায়। ইউনিক স্পোর্টস গ্রুপ ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের প্রতিনিধিত্ব করে, আর প্রোলিথিক পরিচালনা করে ভারতের অভিষেক শর্মাকে। ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং লিগটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
গত কয়েক বছরে সৌদি আরব তাদের অর্থনৈতিক বহুমুখীকরণ কৌশলের অংশ হিসেবে ফুটবল, বক্সিং, টেনিস ও গলফের মতো বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের মাধ্যমে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। দেশটির পাবলিক ইনভেস্টম্যান্ট ফান্ড পূর্বে গলফ চালুর পেছনে অর্থায়ন করেছিল। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমের পর এই প্রকল্পে আর্থিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে।
ক্রিকেটে সৌদি আরবের সম্পৃক্ততা তুলনামূলক ধীরগতির হলেও দেশটি ইতোমধ্যে আইসিসির সঙ্গে স্পনসরশিপ চুক্তি করেছে এবং ২০২৪ সালে আইপিএল নিলামের আয়োজক ছিল। এছাড়াও সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আইএলটি২০ ও ফেয়ারব্রেক ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: