[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সিলেট টেস্টের জন্য বাবর ফিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মে ২০২৬ ২১:০৫ পিএম

হাঁটুর চোট বাধ সেধেছিল। দারুণ পিএসএল কাটিয়ে আসা বাবর আজমের ঢাকা টেস্টে খেলা হয়নি। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্ট সর্বোচ্চ ৫৮৮ রান করা বাবর দ্বিতীয় টেস্টের আগে চোট থেকে সেরে উঠেছেন।

আগামীকাল সিলেটে হবে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। তার আগে শুক্রবার (১৪ মে) পাকিস্তানের টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ বাবরের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবর আজম দ্বিতীয় টেস্টের জন্য ফিট। আবহাওয়া ও কন্ডিশন পরিষ্কার হওয়ার পর টসের পরে আমরা একাদশ চূড়ান্ত করব। আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নয়, তবে সুযোগ পেলে আমরা প্রস্তুতি অনুযায়ী নিজেদের সেরাটা দিয়ে খেলব।’

বাবরের না খেলার ম্যাচে বাংলাদেশের কাছে পাকিস্তান ১০৪ রানে হেরেছিল। টাইগাররা ২৬৮ রানের লক্ষ্য দেওয়ার পর নাহিদ রানা ৫ উইকেট নিয়ে সফরকারীদের গুটিয়ে দেন। এই ম্যাচের পারফরম্যান্স নিয়ে সরফরাজ হতাশ। তিনি বলেন, ‘প্রথম টেস্টের পর আমরা দল হিসেবে খুব হতাশ। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।’

পাকিস্তানের হারের পর দেশটির অনেক সাবেক ক্রিকেটার শান মাসুদদের শূলে চড়াচ্ছেন। তবে এসবে প্রভাবিত হচ্ছে সরফরাজের শিষ্যরা। হেড কোচ বলেন, ‘খারাপ পারফরম্যান্সের পর সমালোচনা নতুন কিছু নয় এবং সাবেক খেলোয়াড়দের মন্তব্য আমাদের প্রভাবিত করে না। সামাজিক যোগাযোগমাধ্যমের কথাবার্তাও আমরা গুরুত্ব দিচ্ছি না। আমাদের পুরো মনোযোগ এখন পরের ম্যাচে। আমি আশা করি সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং ম্যাচ শেষে পরিকল্পনা অনুযায়ী আলোচনা হবে।’

পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর