বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে বুলবুলসহ ১২ জনের রিট
তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির সাবেক ১২ জন পরিচালক।
রিটে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন কেন আইন বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত করার আবেদন তাদের।
রিট করাদের মধ্যে উল্লেখযোগ্য অন্যরা হলেন আসিফ আকবর, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন ও খালেদ মাসুদ পাইলট। তারা সবাই আমিনুল ইসলাম বুলবুলের সময়ে বিসিবি পরিচালক ছিলেন।
বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিটের বিবাদীরা হলেন যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ ও আইসিসি।
বিসিবি নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ গত ৭ এপ্রিল ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। কমিটিতে অন্যরা হলেন, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম, সালমান ইস্পাহানী, তানজীম চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: