আফগানিস্তানের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা
আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসের একমাত্র টেস্টকে সামনে রেখে চমকে ভরা দল ঘোষণা করেছে ভারত। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার মানব সুতার, হর্ষ দুবে এবং পাঞ্জাবের পেসার গুরনুর ব্রার। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন শুভমান গিল। তথ্য ক্রিকবাজের।
অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে নেয়া হয়েছে দুবেকে। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫.৬৫ গড়ে ১০২৬ রান করেছেন। অন্যদিকে, গত রঞ্জি ট্রফিতে মাত্র তিনটি ম্যাচ খেলেই নজর কাড়েন মানব সুতার। রাজস্থানের হয়ে ১৮ উইকেট নেয়ার পাশাপাশি ছত্তিশগড়ের বিপক্ষে ৪২ রানে ৮ উইকেট ছিল তার সেরা বোলিং। হিমাচলের বিপক্ষে ম্যাচে তিনি করেন ১২০ রান এবং নেন ৭ উইকেট। এছাড়া গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্টেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি।
গুরনুর ব্রারও অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুই অনানুষ্ঠানিক টেস্টে খেলেছিলেন। সেখানে ৮ উইকেট নিয়ে মানব সুতারের সঙ্গে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।
ভারতের টেস্ট স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুতার, গুরনুর ব্রার, হর্ষ দুবে ও ধ্রুব জুরেল।
চোটের কারণে ভারত দলে জায়গা হয়নি আকাশ দীপের। এছাড়া একমাত্র টেস্ট ম্যাচটির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে। লাল বলের ক্রিকেটে এবার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কেএল রাহুল। এর আগে এই দায়িত্বে ছিলেন ঋষভ পন্ত।
দলে ফিরেছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণাও। গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ মিস করেছিলেন তিনি। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে ৬০ উইকেট নিয়ে আলোচনায় থাকা জম্মু-কাশ্মীরের পেসার অকিব নবি দার জায়গা পাননি দলে।
আফগানিস্তানের ভারত সফরের একমাত্র টেস্ট ম্যাচটি নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে অনুষ্ঠিত হবে ৬ থেকে ১০ জুন। এটি হবে এই ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: