[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মে ২০২৬ ১৪:০৫ পিএম

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডির পর এবার সিলেটে—টানা দুই সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করার অভূতপূর্ব কীর্তি গড়ল নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ টেস্ট জয় এবং টানা চতুর্থ টেস্ট সিরিজ জয়ের রেকর্ড। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে টানা চারটি সিরিজ জয়ের ঘটনা এবারই প্রথম। এই মহাকাব্যিক জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক বিশাল লাফ দিয়েছে বাংলাদেশ, পেছনে ফেলে দিয়েছে শক্তিশালী ভারতকেও।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় এই টেস্ট জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ শেষে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে ৯ ম্যাচে ৫২ পয়েন্ট পাওয়া ভারত নেমে গেছে ছয় নম্বরে। ভারতের পয়েন্ট শতাংশ এখন ৪৮.১৫।

এই হারের পর পাকিস্তানের অবনতি আরও স্পষ্ট হয়েছে। চার ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ নেমে এসেছে মাত্র ৮.৩৩–এ। তালিকায় তাদের অবস্থান এখন আট নম্বরে। পাকিস্তানের নিচে আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। আট ম্যাচের সাতটিতে হেরে ক্যারিবীয়দের পয়েন্ট শতাংশ মাত্র ৪.১৭।

সিলেটে ৪৩৭ রানের বিশ্বরেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনের প্রথম সেশনেই ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৮ রানের জয়ে সিরিজ ২-০ তে নিশ্চিত করে বাংলাদেশ। দলের এই জয়ে বড় অবদান রাখেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ১২০ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন তিনি।

এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টেও পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পেসার নাহিদ রানা পাঁচ উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই ধবলধোলাই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক নতুন দিগন্তের সূচনা করল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর