[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ মে ২০২৬ ১৯:০৫ পিএম

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলের হাফ ছেড়ে বাঁচার সুযোগ নেই। অজিদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জুন, এরপর উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সিরিজে টেস্ট একটি থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টির সংখ্যা ৩টি করে। জিম্বাবুয়ে ক্রিকেট আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।

হারারেতে ২৮ জুন টেস্ট দিয়ে দুদলের লড়াই শুরু হবে। একই ভেন্যুতে ওয়ানডে ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ জুলাই। উভয় দল এরপর চলে যাবে বুলাওয়েতে। সেখানে কুইন স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টির তিনটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ‘আমরা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ প্রত্যাশা করছি। এই সফরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছরের শুরুতে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর আমাদের হোম ভেন্যুতে দারুণ ক্রিকেট প্রত্যাশা করছি।’

বাংলাদেশ এই সফরটিকে প্রতিশোধের উপলক্ষ্য হিসেবে দেখতে পারে। দুদলের শেষবারের দেখা হওয়া টেস্টে টাইগাররা ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হেরে যায়, গত বছরের এপ্রিলে ওই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে, যদিও সিলেট টেস্টে বাংলাদেশ ৩ উইকেটে জয় পায়। তাছাড়া জিম্বাবুয়ের মাটিতে শেষ সফরেও বাংলাদেশ দুই ফরম্যাটে (ওয়ানডে ও টি-২০) সিরিজ হেরেছিল। দুটি সিরিজের ব্যবধানই ২-১।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর