[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি, সর্বোচ্চ ক্রিকেটার পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ মে ২০২৬ ২০:০৫ পিএম

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরকে সামনে রেখে ক্রিকেট বিশ্বে উন্মাদনা তুঙ্গে। এবারের আসরের জন্য রেকর্ডসংখ্যক বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। বিশ্বের ২১টি দেশ থেকে সাড়ে ৬শ’র বেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নাম লিখিয়েছেন, যার মধ্যে বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন ৪৮ জন।

শনিবার (২৩ মে) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তবে বিসিবি বা এসএলসি-র পক্ষ থেকে নিবন্ধিত কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

গত দুই মৌসুমের নিলাম পদ্ধতি থেকে সরে এসে এলপিএল কর্তৃপক্ষ এবার আবারও পুরোনো ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে ফিরে যাচ্ছে। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ড্রাফট। প্রাথমিকভাবে ৬৫০ জনের বেশি ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত বাছাইপ্রক্রিয়া শেষে ড্রাফটের মূল তালিকায় জায়গা পাবেন ৩১০ জন ক্রিকেটার।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১০২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তান থেকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, দক্ষিণ আফ্রিকা ৬৬, নিউজিল্যান্ড ৪১, অস্ট্রেলিয়ার ২৪, ইংল্যান্ড ১৫ এবং ভারতের ১২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো সহযোগী সদস্য দেশগুলো থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুলাই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরের। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও রানার্সআপ দল (গ্যাল)। টানা ২২ দিনব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট। কোনো কারণে ফাইনালে বৃষ্টি বা অন্য কোনো বাধা এলে তার জন্য ৯ আগস্ট একটি ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

ড্রাফটের দিন বাংলাদেশের এই ৪৮ ক্রিকেটারের মধ্য থেকে শেষ পর্যন্ত কতজন দল পান, এখন সেটিই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর