বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন নান্নুসহ ৮ জন
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। ভোটের লড়াইয়ের ১২ দিন আগেই নির্ধারণ হয়ে গেছে ৮ পরিচালক। সবকিছু ঠিকঠাক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন এই ৮ কাউন্সিলর।
আজ (২৫ মে) বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষদিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ জন।
নিয়ম অনুযায়ী, ঢাকা বিভাগ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। চূড়ান্তভাবে এই বিভাগ থেকে ২ জনই প্রার্থী হওয়ায় অনানুষ্ঠানিকভাবে পরিচালক পদে নির্বাচিত হয়ে গেছেন তারা। এই বিভাগ থেকে মনোনয়ন কিনেও যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরু।
গঠনতন্ত্র অনুযায়ী, চট্টগ্রাম থেকে বিসিবি পরিচালক হবেন ২ জন। এ বিভাগ থেকে শুরুতে ৩ জন প্রার্থী হলেও পরে প্রার্থীতা প্রত্যাহার করেন শরিফুল ইসলাম অপু। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু এবং মইন উদ্দিন চৌধুরি।
রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগ থেকে একজন করে প্রার্থী হওয়ায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচিতরা হলেন- সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মীর্জা ফয়সাল আমীন।
ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা ক্যাটাগরিতে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। রাজশাহী, সিলেট, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম থেকে ৭ জন নির্বাচিত হয়ে যাওয়ায় নির্বাচন হবে কেবল বরিশাল এবং খুলনার ৩টি পদের জন্য।
ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল ১ জনের। একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে এই ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হচ্ছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর।
অন্যান্য ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন জমজমাট। ১২ পদের বিপরীতে লড়বেন ১৬ কাউন্সিলর। যাচাই-বাছাইয়ে ১৮ জন প্রার্থী টিকে গেলেও আজ মনোনয়ন প্রত্যাহার করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের লুতফুর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদ-উর-রহমান।
চূড়ান্ত প্রার্থী তালিকায় ক্যাটাগরি- অর্থাৎ ক্লাব ক্যাটাগরির প্রার্থীদের তাদের মধ্যে অন্যতম হলেন- তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেন।
আগামী ৭ জুন বিসিবির বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।
প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: