স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের মেয়েদের
নিগার সুলতানার লড়াকু ইনিংসেও জয় পাওয়া হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ গড়ার পর বোলাররাও প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ড নারী দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড।
বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো হয়নি। ১৬ রানে জুাইরিয়া ফেরদৌস (১২) এবং ২৬ রানে দিলারা আক্তার (১১) ফিরে গেলে চাপে পড়ে দল। এরপর শারমিন আক্তার ১০ রান করে রান আউট হন।
মাঝে অধিনায়ক নিগার সুলতানা দায়িত্বশীল ব্যাটিং করেন। তিনি ৩৯ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন। তাকে ভালো সঙ্গ দেন সোবহানা মোস্তারি, যিনি ২২ রান করেন। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৫ বলে ২২ রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশ ১৩৩ রানের লড়াকু সংগ্রহ পায়।
স্কটল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন গ্যাব্রিয়েলা ফন্টেনলা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ক্যাথরিন ব্রাইস, কার্স্টি গর্ডন ও আবতাহা মাকসুদ একটি করে উইকেট নেন।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে স্কটল্যান্ড। ওপেনার ডার্সি কার্টার ১৭ বলে ২৩ রান করে আউট হলেও ক্যাথরিন ফ্রেজার ২৮ রান করে দলের ভিত গড়ে দেন।
এরপর অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। তিনি ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। অন্যপ্রান্তে সারাহ ব্রাইস ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। তাদের জুটিতে ১৫.৪ ওভারেই জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।
বাংলাদেশের হয়ে রিতু মনি ও শোরনা আক্তার একটি করে উইকেট নেন। তবে অন্য বোলাররা স্কটিশ ব্যাটারদের ওপর তেমন চাপ সৃষ্টি করতে পারেননি।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের গ্যাব্রিয়েলা ফন্টেনলা। ব্যাটিং-বান্ধব উইকেটে তার নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের রান সীমিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: