[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
১লা আষাঢ় ১৪৩৩

কেন্টের জয়ের নায়ক হাসান মাহমুদ, অভিষেকেই ৯ উইকেট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ০৯:০৬ এএম

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্বপ্নের অভিষেক হয়েছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। কেন্টের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দলকে বড় জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে অনুষ্ঠিত ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০১ রানে ৯ উইকেট শিকার করেন হাসান। প্রথম ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি আরও ভয়ংকর হয়ে ওঠেন। ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইনআপে ধস নামান এই ডানহাতি পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার সেরা বোলিং এবং প্রথমবারের মতো কোনো ইনিংসে ৬ উইকেট পাওয়ার কীর্তি।

৪২৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাঙ্কাশায়ার শুরুতে প্রতিরোধ গড়ে তুললেও হাসানের আগ্রাসী বোলিং সেই আশা ভেঙে দেয়। হ্যারি সিং, জশ বোহানন, কিটন জেনিংস, মার্কাস হ্যারিসের জুটি ভাঙার পাশাপাশি লিয়াম লিভিংস্টোনকেও ফেরান তিনি। এরপর জোসেফ মুরস ও জর্জ বল্ডারসনকে আউট করে পূর্ণ করেন অভিষেক ম্যাচে পাঁচ উইকেটের মাইলফলক।

এই ম্যাচে আরেকটি ব্যক্তিগত অর্জনও স্পর্শ করেছেন হাসান। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৩৫ ম্যাচ শেষে তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১০৪।

হাসানের আগুনঝরা বোলিংয়ে শেষ পর্যন্ত ২৮৩ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। ফলে ১৪০ রানের দাপুটে জয় তুলে নেয় কেন্ট। কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের এই পেসারের এমন শুরু নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য বড় আশার বার্তা হয়ে থাকল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর