বিশ্বকাপে হঠাৎ গোলাপি জার্সিতে রেফারি! কারণ জানলে অবাক হবেন
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ সোমবার উরুগুয়ে ও সৌদি আরবের মধ্যকার ম্যাচে এক ভিন্ন দৃশ্য দেখা যাবে। ইতালিয়ান রেফারি মাওরিজিও মারিনি এবং তার রেফারিং দল বিশেষ ‘ফ্লেমিঙ্গো পিঙ্ক’ রঙের জার্সি পরে ম্যাচ পরিচালনা করবেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে মোট ১৭০ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করছেন। তাদের প্রশিক্ষণ শিবিরের মূল ঘাঁটি যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে হওয়ায় শহরটির প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা।
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা এবং ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কলিনা বলেছেন, ‘মায়ামি আমাদের বেস ক্যাম্প। প্রায় দুই মাস আমরা এখানে থাকব। তাই শহরটির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম।’
দক্ষিণ ফ্লোরিডার মায়ামি শহরের সঙ্গে গোলাপি রঙের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। একসময় এ অঞ্চলে প্রচুর ফ্লেমিঙ্গো পাখি দেখা যেত। এছাড়া শহরটির বিখ্যাত গোলাপি সূর্যাস্ত এবং ঐতিহ্যবাহী গোলাপি আর্ট ডেকো স্থাপত্যও মায়ামির পরিচয়ের অংশ।
কলিনা যোগ করেন, ‘রেফারিদের প্রশিক্ষণ সামগ্রীর জন্য আমরা ‘পিঙ্ক ফ্লেমিঙ্গো’ থিমটি বেছে নিয়েছি। এটি এক ধরনের স্বীকৃতি ও সম্মান। আর মায়ামিতে অনুষ্ঠিত উরুগুয়ে ও সৌদি আরবের প্রথম ম্যাচে রেফারিরা এই বিশেষ পিঙ্ক ফ্লেমিঙ্গো জার্সি পরবেন।’
সম্প্রতি মায়ামির প্রশিক্ষণ ক্যাম্পে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে সাক্ষাৎ করেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘গোলাপি রঙ মায়ামির প্রতীক। আমরা সবাই এই সুন্দর পিঙ্ক পোশাক পরেছি শহরটিকে সম্মান জানাতে এবং তাদের জন্য একটি ছোট্ট শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে।’
বিশ্বকাপের মতো বড় আসরে সাধারণত রেফারিদের পোশাকে এমন বিশেষ থিম খুব কমই দেখা যায়। তাই মায়ামিকে ঘিরে এই ব্যতিক্রমী উদ্যোগ ফুটবলপ্রেমীদের কাছেও বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: