দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
পুরো ম্যাচে দুই দলই সমানে সমান খেলেছে। তবে শেষ মুহূর্তে নাটকীয় গোল পেয়ে যায় আইভরি কোস্ট। আমাদ দিয়ালোর করা সেই গোলই ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দেয় আফ্রিকার দেশটিকে।
প্রথমার্ধে ইকুয়েডর কিছুটা বেশি বিপজ্জনক মনে হলেও তারা তাদের সেরা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ইকুয়েডরের অন্তত দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, আর বেশ কয়েকটি দারুণ সুযোগ তারা নষ্ট করেছে।
অন্যদিকে, আইভরি কোস্ট আক্রমণভাগে তাদের ঝলক দেখিয়েছে। ২০২৩ সালের আফ্রিকান চ্যাম্পিয়নরা আক্রমণ শানাতে কোনো কার্পণ্য করেনি। তবে গোলের দেখা তারাও পাননি।
দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় থাকে। দুই দলই আক্রমণ করে যায়, তবে ফল আসে না। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে এগোবে, তখন গোল করে আইভরি কোস্টকে উল্লাসে মাতান ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আমাদ দিয়ালো। ৮৯তম মিনিটে সিংগোর কাছে থেকে বল পেয়ে কোণাকুণি শটে বল জালে পাঠান তিনি।
এরপর বাকি সময়ে ইকুয়েডরও চেষ্টা করেছিলো গোল করার, তবে আইভরি কোস্টের ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দল আইভরি কোস্ট।
এই জয়ে গ্রুপ 'সি'-এ দ্বিতীয় স্থানে উঠলো আইভরি কোস্ট। তাদের পরের ম্যাচ টেবিল টপার জার্মানির বিপক্ষে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: