গেইলের ১২ বছরের রাজত্ব শেষ, টি-টোয়েন্টির সর্বার্ধিক রান পোলার্ডের
পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। স্বদেশি কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে এখন তিনি টি-টোয়েন্টি সংস্করণের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৪ সালের ২৮ মার্চ গেইল এই তালিকার শীর্ষে উঠেছিলেন। দীর্ঘ ৪,৪৬৭ দিন পর ২০ জুন শনিবার তার সেই দীর্ঘ রাজত্বের অবসান ঘটালেন পোলার্ড।
মেজর লিগ ক্রিকেটে এমআই নিউইয়র্কের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে খেলেন পোলার্ড। ম্যাচে তিনি একটি অপরাজিত সেঞ্চুরি হাঁকান, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় শতক (প্রথমটি ছিল ২০১৮ সালের সিপিএলে)। এই অনবদ্য ইনিংসের পথেই গেইলের ১৪,৫৬২ রানের রেকর্ড টপকে যান তিনি। বর্তমানে ৭৩৬টি ম্যাচ খেলে পোলার্ড এই ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেরও মালিক।
পোলার্ডের এই রেকর্ড গড়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার ব্যাটিং পজিশন। ক্যারিয়ারের পুরোটা সময় তিনি মিডল অর্ডারে খেলেছেন, কখনোই ইনিংস ওপেন করেননি। ৩ নম্বরে ব্যাট করেছেন মাত্র ২২ ইনিংসে, যার শেষটি ছিল ২০১৯ সালে।
কখনো ওপেন না করা ব্যাটসম্যানদের মধ্যে পোলার্ডের পরে দ্বিতীয় সর্বোচ্চ রান সুরেশ রায়নার (৮,৬৫৪ রান)। তিন নম্বর বা তার নিচে ব্যাট করে পোলার্ড একাই করেছেন ১৪,০৬৮ রান, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ডেভিড মিলারের রান ১১,৪০১। পোলার্ড ৫ নম্বর পজিশনে ৫,১৭২ রান এবং ৬ নম্বরে ৫,২৩৪ রান করেছেন। টি-টোয়েন্টি ইতিহাসে পোলার্ড ও বিরাট কোহলিই কেবল দুটি ভিন্ন পজিশনে ৫,০০০-এর বেশি রান করার কীর্তি দেখিয়েছেন।
গেইলের আরও এক রেকর্ডে চোখ
৩৯ বছর বয়সী পোলার্ড হয়তো ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন, তবে অবসরের আগে গেইলের আরও একটি বড় রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে তার সামনে। সেটি হলো টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
ক্রিস গেইল: ১,০৫৬টি ছক্কা
কাইরন পোলার্ড: ৯৮৬টি ছক্কা (প্রয়োজন আর ৭০টি)
আরেকটি মজার ব্যাপার হলো, পোলার্ড চারের চেয়ে ছক্কা বেশি মেরেছেন। তার ক্যারিয়ারে চার ৯০৯টি, যা ছক্কার চেয়ে ৭৭টি কম। এই তালিকায় কেবল আন্দ্রে রাসেল তার চেয়ে এগিয়ে (৬৩৫টি চার ও ৭৮৪টি ছক্কা)।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: