মেসি ৪০ বছর বয়সেও খেলছেন, আমার পক্ষে সম্ভব হবে না: ইয়ামাল
স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল মনে করেন, তিনি এখনও তার সেরাটা দিতে পারেননি। মাত্র ১৮ বছর বয়সী এই তারকা বলেছেন, তার সামনে উন্নতির দীর্ঘ পথ পড়ে আছে এবং এখনও অনেক কিছু শেখার ও অর্জনের বাকি রয়েছে।
রোববার স্প্যানিশ দৈনিক এল পাইসকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘মানুষ আমাকে যতটা ভালো মনে করে, আমি নিজেকে তার চেয়েও অনেক বেশি উন্নত মনে করি। আমি জানি, আমার সামনে পথটা অনেক দীর্ঘ। এখনও অনেক কিছু উন্নত করতে হবে।’
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণে কিছুটা ভুগতে হয়েছে বার্সেলোনা তারকাকে। তবে স্পেনের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। রোববার সৌদি আরবের বিপক্ষেও তার খেলার সম্ভাবনা রয়েছে।
ইয়ামাল বলেছেন, ‘অনেকেই মনে করেন এটাই আমার সর্বোচ্চ মান, এর বেশি কিছু নেই। কিন্তু আমার আত্মবিশ্বাস আমাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে। আমি আবারও বলছি, আমার সামনে অনেক পথ বাকি। অনেক উন্নতি করতে হবে। আর সামনে আছে অনেক, অনেক, অনেক ফুটবল।’
বর্তমান সময়ের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচিত ইয়ামাল নিজের তুলনা করতে গিয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসা করেন। তিনি বলেন, ‘৪০ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। মেসিই সেরা। তিনি এখনও সেটা প্রমাণ করে চলেছেন। অন্য সবার চেয়ে তার আলাদা এক সুবিধা আছে, আর তিনি এখন ৪০ বছর বয়সেও খেলছেন।’
খুব অল্প বয়সেই খ্যাতি পাওয়ার নেতিবাচক দিক সম্পর্কেও কথা বলেন এই স্প্যানিশ তারকা। মাত্র ১৩ বছর বয়স থেকেই পরিচিত মুখ হয়ে ওঠায় সাধারণ মানুষের মতো জীবনযাপন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। ইয়ামালের ভাষায়, ‘খ্যাতির একটা মূল্য আছে। আমি এখন আর স্বাভাবিকভাবে শপিং করতে বা সিনেমা দেখতে যেতে পারি না। কারণ প্রায় সব জায়গাতেই মানুষ আমাকে চিনে ফেলে।’
বিশ্ব ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে বিবেচিত ইয়ামাল আত্মবিশ্বাসী যে তার সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে। আর সেই বিশ্বাস নিয়েই তিনি স্পেনের হয়ে বিশ্বকাপে বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: