জিম্বাবুয়ের চার উইকেট তুলে সিরিজে ফেরার বার্তা বাংলাদেশের
হারারেতে সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরও ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১২৭ রান। বেন কারান ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে অর্ধশতক তুলে ৬৫ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে সিকান্দার রাজা খেলছেন ২৮ রানে।
এদিন শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট-মেডেন করেন তাসকিন আহমেদ। প্রথম চার বল ডট দেওয়ার পর পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে বোল্ড করে স্বাগতিকদের প্রথম ধাক্কা দেন তিনি।
নিজের দ্বিতীয় ওভারেও সাফল্যের দেখা পান তাসকিন। ইনোসেন্ট কাইয়া তুলে মারতে গিয়ে ক্যাচ দিলে ৩ ওভারে মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
এরপর আক্রমণে এসে নিজের গতির ঝলক দেখান নাহিদ রানা। দুর্দান্ত এক ইয়র্কারে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড করে দ্রুত তৃতীয় উইকেট তুলে নেন তিনি। ফলে শুরুতেই তিন উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে স্বাগতিকরা।
এরপর বেন কারান ও ওয়েসলি মাধাভেরে মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজন মিলে ৪৫ বলে ৩৪ রানের জুটি গড়ে দলের চাপ কিছুটা সামাল দিচ্ছিলেন। তবে সেই জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন মাধাভেরে।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন ২টি উইকেট। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: