হারের কারণ ব্যাখ্যা করলেন তানজিদ তামিম
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের হার বাংলাদেশের জন্য শুধু আরেকটি পরাজয় নয়, সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারও নিশ্চিত হয়েছে। ম্যাচ শেষে টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম হারের দায় মূলত ব্যাটারদের ওপরই দিয়েছেন।
হারারেতে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ভালো অবস্থানেই ছিল। তানজিদ ও তাওহীদ হৃদয় দু'জনই ফিফটি করেন এবং বড় জুটিও গড়েন। কিন্তু দু'জনের কেউই ইনিংস শেষ করতে পারেননি। এরপর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। বাংলাদেশ শেষ পর্যন্ত ২৩৪ রানেই থেমে যায়।
সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘আসলে আমার মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে তাই জিতেছে। আসলে আমি এবং হৃদয় যখন ব্যাট করছিলাম, আমরা ভালোই এগোচ্ছিলাম। আমাদের বড় জুটি বানাতে হতো। দু'জনই ফিফটি করে আউট হয়ে গেছি। একজনের অন্তত শেষ পর্যন্ত খেলা দরকার ছিল। এখানেই ম্যাচটা হেরেছি।’
তিনি আরও বলেন, বোলাররা নিজেদের কাজ ভালোভাবেই করেছেন। সমস্যা ছিল ব্যাটিংয়ে। প্রথম ওয়ানডেতেও ১৪২ রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। তাই ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
আগামী ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন তানজিদ। তার বিশ্বাস, তিন বিভাগেই ভালো খেলতে পারলে সেটি আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: