[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ওয়ানডেতে ডাক পেলেন সাইফউদ্দিন, টি-টোয়েন্টিতে তাসকিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

জিম্বাবুয়ে সফর শেষ হয়ে গেছে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি সফরের বাকি অংশে আর খেলতে পারবেন না। ফলে শনিবার (১১ জুলাই) হারারেতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডে এবং পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন এই অভিজ্ঞ পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ। ৭ জুলাই করানো এমআরআই স্ক্যানে তার ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড–১ মাসল টিয়ার ধরা পড়ে। পাশাপাশি হাঁটুতেও কিছু জটিলতার ইঙ্গিত পাওয়া গেছে। সবশেষ মেডিকেল মূল্যায়নে চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে তার পুনর্বাসনের প্রয়োজন। এ কারণেই তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মোস্তাফিজের পরিবর্তে তৃতীয় ওয়ানডের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে মোস্তাফিজের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোস্তাফিজের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরে দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার। বিশেষ করে ডেথ ওভারে তার কার্যকর বোলিং এবং অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এখন তাকে ছাড়াই জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলোর পরিকল্পনা সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর