[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইনজুরি থেকে ফিরেই অন ফায়ার মেসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ০৯:০৮ এএম

ইনজুরির কারণে দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। এ নিয়ে শংকায় ছিল ইন্টার মিয়ামি। তবে সুস্থ হয়ে মাঠে ফিরেই গোল আর অ্যাসিস্টের মাধ্যমে নিজ দলে মিয়ামিকে জেতালেন তিনি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে তারা হারিয়েছে ৩-১ ব্যবধানে।

 

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে আকাশ-পাতাল ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি। ২৯টি শট নিয়ে তারা ৮টি লক্ষে রাখে। বিপরীতে ৫৪ শতাংশ বল পজেশন নিয়ে এলএ গ্যালাক্সি মাত্র ৫ শটের ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। প্রথমার্ধের ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে আলবার গোলে ম্যাচে লিড পায় মায়ামি। ৫৯ মিনিটে সেটি শোধ করে সফরকারীদের সমতায় ফেরান জোসেফ পেন্টসিল।

 

বদলি নামা মেসির গোলে ফের ৮৪ মিনিটে ম্যাচে লিড পায় মায়ামি। কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। ঝাঁপিয়ে পড়ার আগমুহূর্তেই সেটি গ্যালাক্সি গোলরক্ষককে পেরিয়ে জাল কাঁপায়। এবার অ্যাসিস্টের পালা, দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা।

 

এ নিয়ে মৌসুমের ১৯তম গোল করেছেন মেসি। একইসঙ্গে মাঠে ফিরেই মায়ামির প্রয়োজনীয় জয় নিশ্চিত করেছেন। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি। দুই ম্যাচ বেশি খেলে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর