[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৭:০৭ এএম

দল হিসেবে বিশ্বকাপ শেষ হয়েছে হতাশায়, কিন্তু ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।

রোববার (১৯ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে যায় ফ্রান্স। তবে পরাজয়ের মধ্যেও আলো কেড়ে নেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন তিনি। এর মাধ্যমে ২১ গোল করা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে ইংল্যান্ডের দাপটে ম্যাচ প্রায় একপেশে হয়ে গিয়েছিল। ডেক্লান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে বিরতির আগেই ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ফ্রান্স।

তবে বিরতির পর পাল্টা লড়াই শুরু করে দিদিয়ের দেশমের শিষ্যরা। ৫২ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। দুই মিনিট পর এমবাপ্পের তৈরি করা সুযোগ থেকে গোল করেন ব্র্যাডলি বারকোলা। এরপর ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-৩-এ নামিয়ে আনেন ফরাসি অধিনায়ক। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ফ্রান্স।

৬৬ মিনিটের সেই গোলটিই এমবাপ্পেকে নিয়ে যায় বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে। একই সঙ্গে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০, যা তাকে গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষে নিয়ে গেছে। আট গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন মেসি।

তবে এমবাপ্পের অনবদ্য পারফরম্যান্সও শেষ পর্যন্ত ফ্রান্সকে হার এড়াতে পারেনি। ম্যাচের শেষদিকে বুকায়ো সাকার হ্যাটট্রিক এবং জুড বেলিংহামের গোল ইংল্যান্ডকে ৬-৪ ব্যবধানে জয় এনে দেয়। ফলে তৃতীয় স্থান নিয়ে বিশ্বকাপ শেষ করে ইংলিশরা, আর দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে সন্তুষ্ট থাকতে হয় চতুর্থ স্থান নিয়েই।

শিরোপা জিততে না পারলেও এই বিশ্বকাপ এমবাপ্পের জন্য হয়ে থাকবে স্মরণীয়। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডদের একজন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর