[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সুরভীর হ্যাটট্রিকে নেপালকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

সুরভী আকন্দের হ্যাটট্রিকের সুবাদে সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অর্পিতারা ৪-১ গোলে হারিয়েছে নেপালকে। লাল সবুজদের হয়ে বাকি গোলটি করেন থুইনু মারমা। সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। ২৪ আগস্ট নেপালকে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল।


ম্যাচের শুরু থেকে দু’দলই গোলের প্রত্যাশায় আক্রমন প্রতিআক্রমণ করে খেলতে থাকে। তবে গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ড্রিবল করে নেপাল গোলকিপারের চোখ ফাঁকি দেন থুইনু মারমা। তার গোলে এগিয়ে যায় মাহবুবুর রহমানের দল (১-০)। প্রথমার্ধের যোগ করা মিনিটে মামনি চাকমার বাড়ানো বল বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ (২-০)। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ দিকে উল্টো গোল হজম করে মেয়েরা। রক্ষণে ছয়জন খেলোয়াড় থাকার পরও কেউ গোল আটকাতে পারেননি। নেপালের এক ফুটবলারের শট বাংলাদেশের ডিফেন্ডারের শরীরে লেগে দিক বদলায়। ফাঁকায় পেয়ে ফিরতি শটে জাল কাঁপান নেপালের অধিনায়ক ভূমিকা (১-২)।
বিরতির পর গোল বাড়ানোর চেষ্টায় আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৭০ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের গোলমুখে সুযোগ নষ্ট, লক্ষ্যে শট না রাখা, এমনকি বারবার বলের দখল হারিয়ে হতাশই হতে হয়েছে। ৬৯ মিনিটে প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি পূর্ণিমা মারমা। ৭১ মিনিটে আর ভুল হয়নি। মামনি চাকমার কর্নার থেকে আলতো টোকায় স্কোরলাইন ৩-১ করেন সুরভী। ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার ক্রস থেকে নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল পূর্ণ করেন তিনি (৪-১)।
নেপালকে হারিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। নিজেদের চার ম্যাচের তিনটি জিতে ৯ পয়েন্ট তুলেছে তারা। শিরোপা লড়াইটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হলে পরের দুটি ম্যাচও জিততে হবে বাংলাদেশকে। চার দেশের টুর্নামেন্টে খেলা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল পার্থক্য।
চার ম্যাচে প্রতিপক্ষের জালে দশবার বল পাঠিয়েছেন বাংলাদেশের মেয়েরা। বিপরীতে গোল হজম করেছেন চারটি। যে কারণে গোল ব্যবধান +৬। অন্যদিকে তিন ম্যাচ খেলা ভারত এখনো গোল হজম করেনি। তারা গোল করেছে ১৭টি. গোল ব্যবধান +১৭। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে অর্পিতাদের। কারন ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর