[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর বাংলাদেশ, দলে যোগ দিচ্ছেন আনিকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম

টানা দুই আসরে শিরোপা জয়ের পর এবার নতুন ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা লাল-সবুজের মেয়েরা এখন তাকিয়ে আছে হ্যাটট্রিক শিরোপার দিকে। সেই লক্ষ্য সামনে রেখেই শুরু হয়েছে জোর প্রস্তুতি।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী আজ রোববার (২৬ এপ্রিল) দেশে আসছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেশে পৌঁছেই আনিকা সরাসরি চট্টগ্রামে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে বর্তমানে ১০ দিনের নিবিড় অনুশীলনে ব্যস্ত রয়েছে জাতীয় নারী দল। প্রধান কোচ পিটার বাটলারের অধীনে গত শুক্রবার শুরু হওয়া এই ক্যাম্পে সিনিয়র ফুটবলারদের নিয়েই কাজ করছেন কোচিং স্টাফরা। তার সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন এবং গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল। একই সময়ে ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী ফুটবলারদের আলাদা করে অনুশীলন করাচ্ছেন মাহবুবুর রহমান লিটু।

প্রাথমিক ক্যাম্পে ৫০ জনের বেশি ফুটবলার থাকলেও চট্টগ্রামের এই পর্বে শুধুমাত্র অভিজ্ঞদের নিয়েই কাজ করছেন কোচ বাটলার। এই ক্যাম্প শেষে দল ঢাকায় ফিরে বিদেশে আরেকটি কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বাফুফের। থাইল্যান্ড বা চীনে সংক্ষিপ্ত সময়ের একটি ক্যাম্প আয়োজনের কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্য খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়াও এগিয়ে রাখা হয়েছে।

থাইল্যান্ডে ১৫ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে সরাসরি ভারত যাবে বাংলাদেশ দল। আগামী ২৫ মে গোয়ায় শুরু হবে এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপ। পাকিস্তান অংশ না নেয়ায় এবার ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩১ মে গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দলটি। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন, আর ফাইনাল মাঠে গড়াবে ৬ জুন।

সবকিছু ঠিক থাকলে, এবারই ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রস্তুতি ও পরিকল্পনায় সেই লক্ষ্যই স্পষ্ট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর